প্রবাসীর স্ত্রীর শয়নকক্ষ থেকে আপত্তিকর অবস্থায় আটক জামায়াত নেতা
প্রবাসীর স্ত্রীর শয়নকক্ষ থেকে আপত্তিকর অবস্থায় আটক জামায়াত নেতা
যশোর প্রতিনিধি | আজকের পয়গাম
১০ ফেব্রুয়ারি ২০২৬ | ৪:২৫ মিনিট
যশোরের শার্শা উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর শয়নকক্ষ থেকে মধ্যরাতে আপত্তিকর অবস্থায় এক জামায়াত নেতাকে আটক করার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাগআঁচড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম সাব্বির হোসেন। তিনি বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত বলে স্থানীয়রা জানিয়েছেন। সাব্বির হোসেন জামায়াত সমর্থিত সাবেক ইউপি সদস্য নাসির উদ্দীনের ছেলে।
স্থানীয়দের ভাষ্যমতে, ওই সময় সাব্বির হোসেন এক প্রবাসীর স্ত্রীর শয়নকক্ষে অবস্থান করছিলেন। দীর্ঘ সময় ধরে দরজা বন্ধ থাকায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে কক্ষে ঢুকে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান তারা। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা ঘটনাস্থলে এসে সাব্বির হোসেন ও ওই নারীকে আটক করে পুলিশে খবর দেন।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়। এতে এলাকায় ব্যাপক ক্ষোভ ও প্রশ্নের সৃষ্টি হয়।
স্থানীয়দের অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে এসে কাউকে আটক না করে অভিযুক্ত সাব্বির হোসেন ও ওই নারীকে ছেড়ে দেয়। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও সমালোচনা শুরু হয়।
তবে অভিযুক্ত সাব্বির হোসেন দাবি করেছেন, তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাইতে ওই বাড়িতে গিয়েছিলেন। অন্যদিকে স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরেই ওই প্রবাসীর স্ত্রীর বাড়িতে যাতায়াত করতেন।
এ বিষয়ে বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাবিবুল্লাহ বেলালী বলেন, “সাব্বির হোসেন জামায়াতের সক্রিয় নেতা নন, তিনি একজন কর্মী মাত্র। নির্বাচনের সময় একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।”
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে ওই নারী তার বাবার বাড়িতে অবস্থান করছেন এবং সাব্বির হোসেনকে স্বজনদের জিম্মায় দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ না দেওয়ায় আইনানুগ ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি বলেও তিনি জানান।