নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার গণবিক্ষোভে প্রাণহানির ঘটনায় অভিযোগ, রাজধানী কাঠমান্ডু থেকে আটক
নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার
গণবিক্ষোভে প্রাণহানির ঘটনায় অভিযোগ, রাজধানী কাঠমান্ডু থেকে আটক
আন্তর্জাতিক ডেস্ক, আজকের পয়গাম:
নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে গত বছরের গণবিক্ষোভ দমনে প্রাণঘাতী বলপ্রয়োগের অভিযোগে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। শনিবার (২৮ মার্চ) সকালে রাজধানী কাঠমান্ডু থেকে তাকে আটক করা হয়। এ সময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও গ্রেপ্তার করা হয়েছে।
গত সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়ে। পরে তা দুর্নীতি ও অর্থনৈতিক সংকটবিরোধী আন্দোলনে রূপ নেয়। ওই সময় পুলিশের গুলিতে অন্তত ৭০ জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন বিক্ষোভকারী।
কাঠমান্ডু উপত্যকা পুলিশের মুখপাত্র ওম অধিকারী জানান, তদন্ত কমিশনের সুপারিশের ভিত্তিতে আইনি প্রক্রিয়া অনুসরণ করেই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হয়েছে। কমিশন তাদের ‘ফৌজদারি অবহেলা’র দায়ে অভিযুক্ত করে বিচারের সুপারিশ করেছিল। প্রতিবেদনে সাবেক পুলিশ প্রধান চন্দ্র কুবের খাপুংকেও গ্রেপ্তারের পরামর্শ দেওয়া হয়।
তবে ওলি আগেই এসব অভিযোগ প্রত্যাখ্যান করে এটিকে ‘চরিত্রহননমূলক রাজনীতি’ বলে দাবি করেছিলেন।
এদিকে দেশটির নতুন প্রধানমন্ত্রী বালেন শাহ শপথ নেওয়ার একদিন পরই এই গ্রেপ্তারি অভিযান পরিচালিত হওয়ায় নেপালের রাজনীতিতে নতুন আলোচনা শুরু হয়েছে। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, “আইনের ঊর্ধ্বে কেউ নয়—এটি ন্যায়বিচার প্রতিষ্ঠার সূচনা।”
ঘটনার পর কাঠমান্ডুসহ প্রধান শহরগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশ্লেষকদের মতে, নতুন সরকার জবাবদিহিতা নিশ্চিত করতে এবং জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে।
সূত্র: BBC