neexra

ময়মনসিংহে ছাত্রদল নেতাকে কুপিয়ে আহতের মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08 মার্চ 2026, 03:55 অপরাহ্ন পঠিত: 51 বার
ময়মনসিংহে ছাত্রদল নেতাকে কুপিয়ে আহতের মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ছাত্রদের নেতাকে  কুপিয়ে আহতের মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার
ময়মনসিংহ প্রতিনিধি | আজকের পয়গাম
ময়মনসিংহে জাতীয় সংসদ নির্বাচনের দিন হামলা চালিয়ে তিন যুবককে কুপিয়ে আহত করার মামলায় জামায়াতে ইসলামী মহানগর শাখার সহসভাপতি আশরাফ আলী (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৭ মার্চ) রাত প্রায় সোয়া ১২টার দিকে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে রোববার (৮ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কাইয়ুম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার আশরাফ আলী ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সহসভাপতি। এ ঘটনায় মামলার বাদী একই ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম। তার ছেলে মেহেদী হাসান জিহাদ পশ্চিম থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।
মামলার অভিযোগে বলা হয়, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে রাত সাড়ে সাতটার দিকে মেহেদী হাসান জিহাদ, শরীফুল ইসলামসহ তিনজন বাড়ি ফিরছিলেন। এ সময় প্রকৌশল কলেজের সামনে আশরাফ আলীর নেতৃত্বে একদল লোক রামদা ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তিনজনই গুরুতর আহত হন।
আহতদের মধ্যে মেহেদী হাসান জিহাদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন মামলার বাদী।
এ ঘটনায় গত ২৫ ফেব্রুয়ারি রাতে জাহাঙ্গীর আলম বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০–২৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। ওই মামলার এক নম্বর আসামি হিসেবে আশরাফ আলীর নাম উল্লেখ করা হয়েছে।
এদিকে আশরাফ আলীকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছেন ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আনোয়ার হোসেন সুজন।

#বাংলাদেশ #সংবাদ #saradesh
neexra