neexra

ঢাবি ল্যাবরেটরি স্কুলের শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10 মে 2026, 10:32 অপরাহ্ন পঠিত: 59 বার
ঢাবি ল্যাবরেটরি স্কুলের শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের অভিযোগ, তদন্ত কমিটি গঠন
ছবি: সংগৃহীত

ঢাবি ল্যাবরেটরি স্কুলের শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের অভিযোগ, তদন্ত কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক | আজকের পয়গাম
ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালিত ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে আপত্তিকর আচরণ ও মানসিক হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেছে।
অভিযুক্ত শিক্ষক বরুণ কুমার সাহা প্রতিষ্ঠানটির পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। রোববার (১০ মে) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জামিল উদ্দীন।
ভুক্তভোগী কয়েকজন ছাত্রীর অভিযোগ, অভিযুক্ত শিক্ষক বিভিন্ন সময় তাদের পোশাক নিয়ে অনাকাঙ্ক্ষিত মন্তব্য করতেন। এছাড়া স্কুল ক্যাম্পাসে ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের একসঙ্গে কথা বলতে দেখলে ভিডিও ধারণ করে তা অভিভাবক ও প্রশাসনের কাছে পাঠানোর হুমকিও দিতেন বলে অভিযোগ রয়েছে।
এক শিক্ষার্থী জানান, শিক্ষক তাকে একসময় বলেছিলেন— ভবিষ্যতে টপস ও জিন্স পরে এলে তাকে নাকি চিনতে পারবেন না। ওই শিক্ষার্থীর ভাষ্য, একজন শিক্ষকের কাছ থেকে এ ধরনের মন্তব্য অত্যন্ত অস্বস্তিকর ও অনভিপ্রেত।
অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে ইতোমধ্যে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত নিরপেক্ষ তদন্ত ও যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

#বাংলাদেশ #সংবাদ #saradesh
neexra