প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর উদ্যোগের আহ্বান — ইসলামী আন্দোলন বাংলাদেশ
প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর উদ্যোগের আহ্বান — ইসলামী আন্দোলন বাংলাদেশ
আজকের পয়গাম ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি দ্রুত ও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
দলটির মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, ইরানে মার্কিন-ইসরাইলি হামলায় গোটা মধ্যপ্রাচ্য উত্তপ্ত হয়ে উঠেছে। এ অঞ্চলের বিভিন্ন দেশে লক্ষ লক্ষ বাংলাদেশি কর্মরত আছেন। চলমান মিসাইল হামলা ও যুদ্ধ পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা দেখা দেওয়ায় প্রবাসীদের জীবন ও জীবিকা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসীদের জীবন ও জীবিকা রক্ষায় সরকারকে দ্রুত, সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। সম্ভাব্য সংকট মোকাবিলায় কূটনৈতিক তৎপরতা জোরদার এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান তিনি।
অর্থনীতিতে যুদ্ধের প্রভাবের আশঙ্কা
অধ্যক্ষ ইউনুস আহমদ আরও বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি রেমিট্যান্স প্রবাহ এই যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। পাশাপাশি জ্বালানি সরবরাহসহ বহুমাত্রিক অর্থনৈতিক অভিঘাত দেশের ওপর প্রভাব ফেলতে পারে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বৈঠকে উপস্থিত ছিলেন দলের যুগ্মমহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, আহমদ আব্দুল কাইয়ুম এবং সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।