neexra

সুরেশ্বর দরবার শরীফ-এ খাদেম হত্যা: গদীনশীন পীর অস্ত্রসহ গ্রেপ্তার

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04 মার্চ 2026, 05:51 অপরাহ্ন পঠিত: 48 বার
সুরেশ্বর দরবার শরীফ-এ খাদেম হত্যা: গদীনশীন পীর অস্ত্রসহ গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

সুরেশ্বর দরবার শরীফ-এ খাদেম হত্যা: গদীনশীন পীর অস্ত্রসহ গ্রেপ্তার
শরীয়তপুর প্রতিনিধি | আজকের পয়গাম
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৫:০৯ পিএম
শরীয়তপুরের নড়িয়ায় অবস্থিত সুরেশ্বর দরবার শরীফ-এর খাদেম জয়নাল সরকার হত্যা মামলার মূল আসামি দরবারের গদীনশীন পীর তোহিদুল হোসেন শাহীন নূরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে দরবার শরীফ এলাকায় অবস্থিত তার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি শর্টগানসহ বিপুল পরিমাণ আলামত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শরীয়তপুর নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ জানান, গত বছরের ২৪ অক্টোবর বিকেলে ঘড়িসার ইউনিয়নের আটপাড়া এলাকার একটি পুকুর থেকে প্লাস্টিকের বস্তাভর্তি অবস্থায় জয়নাল সরকারের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন নিহতের মেয়ে ইভা আক্তার নড়িয়া থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা রুজুর পর পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করে।
তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত দুজনকে শনাক্ত করা হয়। তাদের মধ্যে রবিন শেখ (৩২) নামে এক যুবককে মুন্সীগঞ্জ জেলা থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত তোহিদুল হোসেন শাহীন নূরীকে আটক করা হয়।
পুলিশ জানায়, অভিযানে দুটি শর্টগান, শর্টগানের ১৩৩টি খালি কার্তুজ, ছয়টি হার্ডড্রাইভ, একটি এসএসডি, চারটি ওয়াকিটকি সেট, সাতটি মোবাইল ফোন, একটি ছুরি, একটি ডিভিআর সেট, একটি শর্টগানের বক্স ও শর্টগানের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

#বাংলাদেশ #সংবাদ #saradesh
neexra