সিন্ডিকেটের হুমকিতে দেশ ছাড়লেন ‘নবীন পাঞ্জাবি’র এমডি হাফেজ এনামুল হাসান নবীন
সিন্ডিকেটের হুমকিতে দেশ ছাড়লেন ‘নবীন পাঞ্জাবি’র এমডি হাফেজ এনামুল হাসান নবীন
আজকের পয়গাম ডেস্ক
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬
সিন্ডিকেটের হুমকি ও চাপের মুখে শেষ পর্যন্ত দেশ ছেড়েছেন ‘নবীন পাঞ্জাবি’র ব্যবস্থাপনা পরিচালক হাফেজ এনামুল হাসান নবীন (নবীন হাশেমি)। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশে পাড়ি জমান তিনি। বিষয়টি তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিশ্চিত করেন।
বিমানবন্দর থেকে একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, “সিংহের মতো বাঁচতে চাই, কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না। তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো একদিন ফিরব, ইনশাআল্লাহ।”
এর আগে একই দিন বিকেলে রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশ ছাড়ার ঘোষণা দেন তিনি। দোকান বন্ধ করে দেওয়ার প্রতিবাদে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
নবীন হাশেমির অভিযোগ, কয়েকদিন ধরে বিভিন্ন নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছিল। তার কাছে থাকা ভিডিও মুছে ফেলতে বলা হয়, অন্যথায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। ইতোমধ্যে একটি দোকান বন্ধ করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, প্রবাস জীবন শেষে করোনাকালে দেশে ফিরে ব্যবসা শুরু করেন। কম দামে ভালো মানের পণ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই ছিল তাদের লক্ষ্য। প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের একটি অংশ গরিব ও অসহায় মানুষের কল্যাণে ব্যয় করা হতো বলেও জানান তিনি।
এছাড়া তার প্রতিষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তি, হিজড়া সম্প্রদায় এবং মাদকাসক্তি থেকে ফিরে আসা মানুষ কাজ করেন। সরবরাহকারীরাও কম দামে পণ্য দেওয়ায় তারা প্রায় ৩০০ টাকায় পাঞ্জাবি-পাজামা বিক্রি করতে সক্ষম হন বলে দাবি করেন তিনি।
তার অভিযোগ, পাশের একটি দোকানের মালিকসহ ব্যবসায়ী সিন্ডিকেট পুলিশকে সঙ্গে নিয়ে তাদের দোকান বন্ধ করে দেয় এবং ক্রেতাদের হয়রানি করে। সিন্ডিকেটের পক্ষ থেকে শর্ত দেওয়া হয়—এই মার্কেটে ৪ হাজার ৫০০ টাকার কমে পাঞ্জাবি এবং ১ হাজার ৫০০ টাকার কমে পাজামা বিক্রি করা যাবে না।
সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, সাধারণ মানুষের জন্য কাজ করতে গিয়ে বারবার ভয়ভীতি ও নিপীড়নের শিকার হতে হয়েছে। কিন্তু কোনো সহায়তা পাননি বলেও অভিযোগ করেন তিনি।