ঢাকায় ১০০ দিনের কার্যক্রম তুলে ধরলেন মার্কিন রাষ্ট্রদূত
ঢাকায় ১০০ দিনের কার্যক্রম তুলে ধরলেন মার্কিন রাষ্ট্রদূত
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে দায়িত্ব গ্রহণের ১০০ দিন পূর্তি উপলক্ষে নিজের কার্যক্রমের সংক্ষিপ্ত হিসাব তুলে ধরেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বলেছেন, স্বল্প সময়ের মধ্যেই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) এক ভিডিও বার্তায় তিনি এসব কথা জানান। রাষ্ট্রদূত উল্লেখ করেন, বাণিজ্য, স্বাস্থ্য এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে নতুন উদ্যোগ গ্রহণের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র তার ২৫০তম বার্ষিকী উদযাপন করছে—এমন গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশকে সঙ্গে নিয়ে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তুলতে ওয়াশিংটন আগ্রহী।
বাংলাদেশে অবস্থানকালে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, তিনি ও তার স্ত্রী ডিয়ান বাংলাদেশের মানুষের কাছ থেকে আন্তরিক অভ্যর্থনা পেয়েছেন। পহেলা বৈশাখ উদযাপন, সাংস্কৃতিক স্থান ভ্রমণ এবং স্থানীয় খাবারের স্বাদ গ্রহণের অভিজ্ঞতাও তিনি শেয়ার করেন।
নির্বাচনের পূর্ববর্তী সময়কে গুরুত্বপূর্ণ উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার জন্য একটি সুস্পষ্ট রূপরেখা নির্ধারণ করেছেন এবং তিনি তা বাস্তবায়নে কাজ করছেন।
বাণিজ্য খাত নিয়ে তিনি বলেন, দুই দেশের মধ্যে একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা বাণিজ্য ঘাটতি কমাতে এবং উভয় দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে সহায়তা করবে।
অভিবাসন প্রসঙ্গে তিনি জানান, অবৈধ অভিবাসন ও ভিসা জালিয়াতি রোধে দুই দেশ একসঙ্গে কাজ করছে। পাশাপাশি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা সহযোগিতা জোরদারেও উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাস্থ্য খাতে সহযোগিতার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, যক্ষ্মা ও হামসহ বিভিন্ন রোগ মোকাবিলায় নতুন অংশীদারত্ব গড়ে উঠেছে।
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, শরণার্থীদের সহায়তায় যুক্তরাষ্ট্র বৃহত্তম দাতা দেশ হিসেবে কাজ করছে এবং সংকটের রাজনৈতিক সমাধানে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে রাষ্ট্রদূত বলেন, প্রথম ১০০ দিনের অভিজ্ঞতা তাকে আরও আশাবাদী করেছে এবং সামনে আরও সফলতা অর্জনের প্রত্যাশা করছেন তিনি।