পদ্মা নদীতে বাস ডুবিসহ দুর্ঘটনা যোগাযোগ ব্যবস্থার ৫৬ বছরের ব্যর্থতার ফল: পীর সাহেব চরমোনাই
পদ্মা নদীতে বাস ডুবিসহ দুর্ঘটনা যোগাযোগ ব্যবস্থার ৫৬ বছরের ব্যর্থতার ফল: পীর সাহেব চরমোনাই
নিজস্ব প্রতিবেদক | আজকের পয়গাম
ঢাকা, ২৬ মার্চ: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, পদ্মা নদীতে বাস ডুবির ঘটনা ও দেশের বিভিন্ন স্থানে ঘটতে থাকা দুর্ঘটনাগুলো দেশের যোগাযোগ ব্যবস্থার ৫৬ বছরের ব্যর্থতার সমন্বিত পরিণতি। স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও দেশের যোগাযোগ অবকাঠামো এখনো ভঙ্গুর ও দুর্ঘটনাপ্রবণ বলে তিনি আক্ষেপ করেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত বৈঠকে তিনি এসব কথা বলেন।
পীর সাহেব চরমোনাই বলেন, আজ ৫৬তম স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। স্বাধীনতার এত বছর পরেও দেশের যোগাযোগ অবকাঠামোর অবস্থা প্রাগৈতিহাসিক কালের মতো দুর্বল। আধুনিক বিশ্বে এতো দুর্ঘটনা আর কোথাও ঘটে না। গত ৫৫ বছরে যারা দেশ পরিচালনা করেছেন, তাদের সবাইকে এ অবস্থার দায় নিতে হবে।
বৈঠকে গতকাল দৌলতদিয়া ঘাটের দুর্ঘটনাসহ এবারের ঈদে বিভিন্ন দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, অতীতের সব সরকারের ব্যয়ের অন্যতম প্রধান খাত ছিল যোগাযোগ ব্যবস্থা। কিন্তু পদে পদে দুর্নীতির কারণে গণযোগাযোগ খাত এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণযোগাযোগ খাতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং সকল ধরনের সিন্ডিকেট উপেক্ষা করতে হবে। গাড়ির ফিটনেস, চালকের লাইসেন্সসহ এ খাতের সব স্তরে বিশ্বমান নিশ্চিত করার দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, এসব দুর্ঘটনা আসলে দুর্ঘটনা নয়, বরং পদ্ধতিগত গণহত্যার শামিল।
বৈঠকে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, আলহাজ্ব গিয়াসউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, আলহাজ্ব আমিনুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, জিএম রুহুল আমীন, মুফতি মানসুর আহমেদ সাকি প্রমুখ।