neexra

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15 মে 2026, 04:15 অপরাহ্ন পঠিত: 44 বার
ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ

পয়গাম ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে মুসলমানদের ওপর হামলা, নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার (১৫ মে) জুমার নামাজের পর নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেসক্লাব এলাকায় গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ভারতে মুসলিম জনগোষ্ঠীর ওপর পরিকল্পিতভাবে দমন-পীড়ন চালানো হচ্ছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও আসামে নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে মুসলমানদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনায় হামলার ঘটনা ঘটছে বলে দাবি করেন তারা।

বক্তারা বলেন, মুসলমানদের অধিকার হরণ এবং ভয়ভীতির মাধ্যমে ভারতে সাম্প্রদায়িক পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের কঠোর সমালোচনা করে মুসলিম বিদ্বেষী রাজনীতির অভিযোগ তোলেন।

সমাবেশ থেকে বাংলাদেশ জাতীয় সংসদে ভারতের মুসলিম নির্যাতনের বিরুদ্ধে সর্বদলীয় নিন্দা প্রস্তাব গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়, ওআইসি ও জাতিসংঘের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান বক্তারা।

চট্টগ্রাম মহানগর হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আলী ওসমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মহানগরের সদস্য সচিব এনামুল হক মাদানী, কামরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতারা।

#বাংলাদেশ #সংবাদ #saradesh
neexra