জ্বালানি প্রতিমন্ত্রী টুকুকে নিয়ে বিতর্কিত মন্তব্য, রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া
জ্বালানি প্রতিমন্ত্রী টুকুকে নিয়ে বিতর্কিত মন্তব্য, রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া
নিজস্ব প্রতিবেদক, আজকের পয়গাম:
জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-কে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ আখ্যা দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা। তার এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
শুক্রবার (২৭ মার্চ) কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় মসজিদে জুমার নামাজের আগে এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। ভাইরাল হওয়া প্রায় ১ মিনিট ৪৬ সেকেন্ডের ভিডিওতে তাকে বলতে শোনা যায়, মন্ত্রী টুকু শুধু কোনো রাজনৈতিক দলের বিরোধী নন, বরং ইসলামবিদ্বেষী।
মন্ত্রী টুকুর একটি পূর্ববর্তী বক্তব্যের প্রসঙ্গ টেনে আমির হামজা বলেন, “এই দেশে ধর্ম প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধ হয়নি—এমন মন্তব্য করা হয়েছে। তাহলে মুক্তিযুদ্ধ কেন হয়েছিল, তা মুক্তিযোদ্ধাদের কাছ থেকেই জানতে হবে।”
এ সময় দেশের জ্বালানি পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন তিনি। তার দাবি, হাসপাতালে জেনারেটর চালাতে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ করা হচ্ছে না, ফলে চিকিৎসাসেবা ব্যাহত হয়ে মানুষের জীবন ঝুঁকিতে পড়ছে। অযোগ্যদের দায়িত্ব দেওয়ার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, বক্তব্যটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। হাটশ হরিপুর বড় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বকুল বিশ্বাস জানান, আমির হামজাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি; তিনি নিজ উদ্যোগে সেখানে উপস্থিত হন। আলোচনার সময় তিনি উপস্থিত না থাকায় বক্তব্যের বিস্তারিত জানেন না বলেও উল্লেখ করেন।
অন্যদিকে, মন্তব্যের প্রতিবাদ জানিয়ে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আমির হামজার এমন বক্তব্য দায়িত্বজ্ঞানহীন। তিনি আরও অভিযোগ করেন, সম্প্রতি একটি মেডিকেল কলেজ হাসপাতাল সংক্রান্ত আর্থিক প্রস্তাব পাওয়ার দাবি করলেও এর সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করেননি তিনি।
এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার জন্য আমির হামজার প্রতি আহ্বান জানানো হয়েছে বলেও জানান তিনি।
ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে এবং এ বিষয়ে পরবর্তী প্রতিক্রিয়ার দিকে নজর রয়েছে সবার।