বরিশালে বিচারবহির্ভূত হত্যা মামলা আবুল হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল
বরিশালে বিচারবহির্ভূত হত্যা মামলা
আবুল হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল
নিজস্ব প্রতিবেদক:
বরিশালের আগৈলঝাড়ায় ২০১৫ সালে সংঘটিত আলোচিত বিচারবহির্ভূত হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী-এর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল অভিযোগটি গ্রহণ করেন। একই সঙ্গে আগামী ১৫ এপ্রিল পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের পক্ষে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এবং প্রসিকিউটর মো. সহিদুল ইসলাম সরদার আদালতে অভিযোগ উপস্থাপন করেন।
মামলার অন্য আসামিরা হলেন বরিশালের তৎকালীন পুলিশ সুপার এ কে এম এহসানউল্লাহ এবং দুই পুলিশ কর্মকর্তা—এএসআই মাহাবুল ইসলাম ও জসিম উদ্দিন। এর মধ্যে দুই পুলিশ সদস্য বর্তমানে কারাগারে থাকলেও আবুল হাসানাত আবদুল্লাহ ও সাবেক এসপি এহসানউল্লাহ পলাতক রয়েছেন।
অভিযোগে বলা হয়, নিহত টিপু হাওলাদার ও কবির মোল্লা ছিলেন আবুল হাসানাত আবদুল্লাহর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে তিনি রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে তাদের হত্যার পরিকল্পনা করেন।
২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি দিবাগত রাতে গৌরনদী–গোপালগঞ্জ মহাসড়কের আগৈলঝাড়া বাইপাসের বড় ব্রিজের পশ্চিম পাশে টিপু হাওলাদার ও কবির মোল্লাকে গুলি করে হত্যা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, নিহত টিপু হাওলাদার ছিলেন আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কবির মোল্লা ছিলেন জাসাসের সাংগঠনিক সম্পাদক। এই ঘটনাটি দীর্ঘদিন ধরে আলোচনায় ছিল এবং অবশেষে তা মানবতাবিরোধী অপরাধ হিসেবে ট্রাইব্যুনালে বিচারাধীন হলো।