জামায়াতের এমপির স্বজনদের বিরুদ্ধে ওসির গাড়িতে হামলার অভিযোগ
জামায়াতের এমপির স্বজনদের বিরুদ্ধে ওসির গাড়িতে হামলার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, আজকের পয়গাম
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পুলিশের ওসির ব্যবহৃত গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্যের স্বজনদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত প্রায় ৮টা ৫ মিনিটে কুমারখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এলংগীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেনের চাচাতো ভাই আনোয়ার ও শিপলুর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে এক পর্যায়ে তাদের মধ্যে উত্তেজনা দেখা দিলে এমপি আফজাল হোসেন পুলিশকে খবর দেন।
খবর পেয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় উভয় পক্ষের লোকজন পুলিশের গাড়িকে লক্ষ্য করে রেললাইনের পাথর নিক্ষেপ করে। এতে ওসির ব্যবহৃত পিকআপ গাড়ির সামনের গ্লাস ভেঙে যায়।
ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
রাত ৯টার দিকে কুমারখালী থানা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, ক্ষতিগ্রস্ত গাড়িটির সামনের গ্লাস ভাঙা অবস্থায় রয়েছে এবং পুলিশ সদস্যদের মধ্যে উদ্বেগ লক্ষ্য করা গেছে।
এ বিষয়ে কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, এমপির স্বজনদের মধ্যে পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উভয় পক্ষের লোকজন গাড়িতে হামলা চালায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।