দেবীগঞ্জের তাসমিয়া প্রধান প্রথমবারের মতো যাচ্ছেন সংসদে
দেবীগঞ্জের তাসমিয়া প্রধান প্রথমবারের মতো যাচ্ছেন সংসদে
উপজেলা প্রতিনিধি, দেবীগঞ্জ (পঞ্চগড়)
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬ | আপডেট: ২১ এপ্রিল ২০২৬
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। স্বাধীনতার ৫৪ বছর পর এই প্রথম জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন দেবীগঞ্জের কোনো সন্তান। সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধানের মনোনয়ন ঘিরে এলাকায় ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) রাতে জোটের সিদ্ধান্তে তার মনোনয়ন নিশ্চিত হওয়ার পর থেকেই দেবীগঞ্জজুড়ে শুরু হয়েছে আলোচনা ও আনন্দের আমেজ। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে চায়ের দোকান—সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তাসমিয়া প্রধান।
পঞ্চগড়-২ (দেবীগঞ্জ-বোদা) সংসদীয় আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও স্বাধীনতার পর থেকে এই এলাকার কোনো স্থানীয় বাসিন্দা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে পারেননি। আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন দলের প্রার্থীরা নির্বাচিত হলেও তারা কেউই ছিলেন না দেবীগঞ্জের নিজস্ব মানুষ। ফলে তাসমিয়া প্রধানের মনোনয়নকে দীর্ঘদিনের সেই শূন্যতা পূরণের সম্ভাবনা হিসেবে দেখছেন স্থানীয়রা।
দেবীগঞ্জের জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতা রাকিব আদনান বলেন, “দীর্ঘদিনের প্রত্যাশা ছিল—দেবীগঞ্জের একজন মানুষ সংসদে গিয়ে আমাদের কথা বলবেন। অবশেষে সেই আশা পূরণ হতে যাচ্ছে।”
স্থানীয় গণমাধ্যমকর্মী নাজমুস সাকিব মুন বলেন, “এটি শুধু একটি মনোনয়ন নয়, বরং দেবীগঞ্জের দীর্ঘদিনের ভৌগোলিক ও রাজনৈতিক বঞ্চনা কাটিয়ে ওঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
ব্যারিস্টার তাসমিয়া প্রধানের জন্ম দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের একটি রাজনৈতিক পরিবারে। তার বাবা মরহুম শফিউল আলম প্রধান ছিলেন দেশের একজন পরিচিত রাজনীতিক ও জাগপার প্রতিষ্ঠাতা। তার দাদা গমির উদ্দিন প্রধান পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের শেষ স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন।
পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতায় তাসমিয়া প্রধান বর্তমানে জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন। তিনি লন্ডনের সোসাইটি অব লিংকনস ইন থেকে ‘বার অ্যাট ল’ ডিগ্রি অর্জন করেন। ২০১৮ সালে জাগপার সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে তিনি দলীয় কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। একই বছরে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-2 আসন থেকে অংশ নিয়ে তিনি ওই আসনের ইতিহাসে প্রথম নারী প্রার্থী হিসেবে আলোচনায় আসেন।
সব মিলিয়ে, দেবীগঞ্জবাসী এখন অপেক্ষায়—তাদের এই স্বপ্ন কবে বাস্তবে রূপ নেয় এবং ইতিহাসের অংশ হয়ে ওঠে সেই মাহেন্দ্রক্ষণ।