পাবনায় ২ গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষে স্পটে ১ জন নিহত
পাবনায় তুমুল সংঘর্ষে নিহত ১
পাবনা প্রতিনিধি | প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬
পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল গফুর (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার নন্দনপুর ইউনিয়নের খয়েরবাড়িয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আব্দুল গফুর ওই গ্রামের মৃত জসিম উদ্দিন প্রামাণিকের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার নিহতের ছেলে আলমের সঙ্গে একই গ্রামের আবু তালেবের ছেলে ময়েন উদ্দিনের (৪৫) টাকা লেনদেন নিয়ে কথা কাটাকাটি হয়। আলমের অভিযোগ, পূর্বে নেওয়া টাকা পরিশোধ না করেই পুনরায় টাকা দাবি করায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
এর জেরে বৃহস্পতিবার দুপুরে ময়েন উদ্দিন লোকজন নিয়ে আলমের বাড়িতে গেলে সংঘর্ষ বেঁধে যায়। এতে আব্দুল গফুর, মানিক হোসেন (৪৩), ময়েন উদ্দিন, ময়ূরী খাতুন (৩৪)সহ কয়েকজন আহত হন।
আহতদের উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল গফুরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মানিক হোসেনকে পাবনা সদর হাসপাতাল এ স্থানান্তর করা হয়েছে।
ঘটনার পর পুলিশ ময়েন উদ্দিন, তার স্ত্রী রেশমা খাতুন (৩৪), মানিক হোসেন ও সজিব হোসেন (২৫)-কে আটক করেছে।
নিহতের ছেলে আলম অভিযোগ করেন, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে তাদের বাড়িতে হামলা চালানো হয় এবং মারধরের ঘটনাতেই তার বাবার মৃত্যু হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, টাকাপয়সা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।