লক্ষ্মীপুর-১ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, জোটে অসন্তোষ
লক্ষ্মীপুর-১ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, জোটে অসন্তোষ
আজকের পয়গাম ডেস্ক | লক্ষ্মীপুর
তারিখ: ৯ ফেব্রুয়ারি ২০২৬
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেওয়া শাহাদাত হোসেন সেলিম বর্তমানে নির্বাচনী মাঠে শক্ত অবস্থান তৈরি করেছেন। দলীয় নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ, ধারাবাহিক গণসংযোগ ও ব্যাপক প্রচারণার মাধ্যমে তিনি ভোটারদের কাছে নিজেকে তুলে ধরছেন। স্থানীয় রাজনৈতিক মহলের মতে, সংগঠনিক শক্তির কারণে তিনি এ আসনে অন্যতম শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছেন।
অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জাকির হোসেন পাটোয়ারী নির্বাচন ঘোষণার আগেই এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় ছিলেন। নিয়মিত গণসংযোগ, পথসভা ও সামাজিক উদ্যোগের ফলে তিনি সাধারণ ভোটারদের মধ্যে পরিচিত ও গ্রহণযোগ্য মুখে পরিণত হয়েছেন বলে জানা গেছে।
এদিকে ১০ দলীয় জোটের পক্ষ থেকে জামায়াত সমর্থিত প্রার্থী হিসেবে এনসিপি নেতা মাহবুব আলমের নাম ঘোষণা করা হলে জোটের তৃণমূল পর্যায়ে অসন্তোষ দেখা দেয়। স্থানীয় কয়েকজন নেতাকর্মীর অভিযোগ, মাহবুব আলম একসময় ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সে সময়ের কিছু ছবি এখনও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হচ্ছে। এছাড়া তার বাবা আজিজুর রহমান ইছাপুর ইউনিয়ন বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক—এই বিষয়টিও বিতর্কের জন্ম দিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জোটের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং জামায়াতের নিজস্ব প্রার্থী না থাকায় ইসলামী ধারা সমর্থনকারী অনেক ভোটার বিকল্প হিসেবে হাতপাখা প্রতীকের দিকে ঝুঁকছেন। এতে লক্ষ্মীপুর-১ আসনের নির্বাচনী সমীকরণ নতুন মাত্রা পেয়েছে।
সব মিলিয়ে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে প্রধান লড়াই বিএনপি ও ইসলামী আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে ধারণা করা হচ্ছে। তবে চূড়ান্ত ফলাফল জানতে ভোটের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।