চীনের উপহারকে ‘যৌথ উদ্যোগ’ বলায় বিতর্ক, দূতাবাসের উদ্বেগ
চীনের উপহারকে ‘যৌথ উদ্যোগ’ বলায় বিতর্ক, দূতাবাসের উদ্বেগ
আজকের পয়গাম ডেস্ক:
ঢাকায় চীনা দূতাবাসের দেওয়া ঈদসামগ্রী বিতরণকে ‘যৌথ উদ্যোগ’ হিসেবে উল্লেখ করায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস।
জানা যায়, গত ১৭ মার্চ রাজধানীর ঢাকা-১৫ আসন এলাকায় এক হাজারের বেশি মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করে চীনা দূতাবাস। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ দূতাবাসের কর্মকর্তারা।
বিতর্কের সূত্রপাত হয় জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একাধিক পোস্টকে কেন্দ্র করে। প্রথমদিকে এক পোস্টে এই কার্যক্রমকে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ও চীনের যৌথ উদ্যোগ’ হিসেবে উল্লেখ করা হয়। পরবর্তীতে একাধিকবার পোস্ট সংশোধন করে বলা হয়, এটি চীনা দূতাবাসের পক্ষ থেকে দেওয়া উপহার।
এ ঘটনার পর মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১১টা ৫ মিনিটে চীনা দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে জানায়, সামাজিক মাধ্যমে প্রচারিত কিছু তথ্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, যা নিয়ে তারা উদ্বিগ্ন।
বিবৃতিতে আরও বলা হয়, চীন বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং জনগণের কল্যাণে বিভিন্ন সহযোগিতা অব্যাহত রাখবে। একইসঙ্গে নির্বাচিত সরকারের অধীনে বাংলাদেশের স্থিতিশীল অগ্রগতিতে চীনের সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করা হয়।
চীনা দূতাবাস জানায়, ঈদ উপলক্ষে এই খাদ্যসামগ্রী বিতরণ ছিল সম্পূর্ণ তাদের নিজস্ব উদ্যোগ। অনুষ্ঠানে অংশ নিয়ে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ঈদুল ফিতর কৃতজ্ঞতা ও শুভেচ্ছা বিনিময়ের সময়, এবং এই সহায়তার মাধ্যমে চীন বাংলাদেশের মানুষের প্রতি আন্তরিকতা প্রকাশ করতে চায়।
এদিকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান চীনের এই সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান এবং দুই দেশের সম্পর্ক আরও জোরদারের আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, এর আগেও গাজীপুরে এক কম্বল বিতরণ কর্মসূচিতে জামায়াতের আমির ও চীনা রাষ্ট্রদূত একসঙ্গে অংশ নিয়েছিলেন।