সংরক্ষিত নারী আসনে মনোনয়ন নিয়ে অবস্থান পরিষ্কার করলো বাংলাদেশ জামায়াতে ইসলামী
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন নিয়ে অবস্থান পরিষ্কার করলো বাংলাদেশ জামায়াতে ইসলামী
নিজস্ব প্রতিবেদক | আজকের পয়গাম
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিয়ে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যের প্রেক্ষিতে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য নারী সংসদ সদস্য হিসেবে দলের শীর্ষ নেতাদের স্ত্রী বা নিকটাত্মীয়দের নাম প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছে দলটি।
বিবৃতিতে আরও বলা হয়, দলটি একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালিত সংগঠন। সংরক্ষিত নারী আসনের মনোনয়নসহ সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গঠনতন্ত্র অনুযায়ী গ্রহণ করা হয় এবং এখানে স্বজনপ্রীতির কোনো সুযোগ নেই।
জামায়াত জানায়, মনোনয়ন প্রক্রিয়া মহিলা বিভাগের সঙ্গে পরামর্শক্রমে গঠনতান্ত্রিক পদ্ধতিতে সম্পন্ন হবে। একই সঙ্গে অসত্য তথ্য প্রচার থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে এবং দেশবাসীকে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করা হয়েছে।