তারেক রহমানের গণতন্ত্র কি এমনই?— বরিশাল আইনজীবী সমিতি নির্বাচন নিয়ে প্রশ্ন অ্যাডভোকেট নাসিরের
তারেক রহমানের গণতন্ত্র কি এমনই?— বরিশাল আইনজীবী সমিতি নির্বাচন নিয়ে প্রশ্ন অ্যাডভোকেট নাসিরের
নিজস্ব প্রতিবেদক | আজকের পয়গাম
বরিশাল আইনজীবী সমিতির ২০২৬-২৭ নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয়েছে বলে অভিযোগ তুলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ আবদুল্লাহ নাসির।
বুধবার (২ এপ্রিল ২০২৬) অনুষ্ঠিত বরিশাল জেলা আইনজীবী সমিতি নির্বাচনকে কেন্দ্র করে তিনি বলেন, “৩৬ জুলাই ২০২৪ ছাত্র-জনতার রক্ত ও ত্যাগের বিনিময়ে যে গণতান্ত্রিক প্রত্যাশা তৈরি হয়েছিল, সাম্প্রতিক ঘটনাবলি তা প্রশ্নবিদ্ধ করছে।” তিনি দাবি করেন, দেশের সাধারণ মানুষ মনে করেছিল ধর্ম-বর্ণ-দলমত নির্বিশেষে নতুন বাংলাদেশ গড়ে উঠবে, কিন্তু বাস্তবে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে।
অ্যাডভোকেট নাসিরের অভিযোগ, নির্বাচনে শুধুমাত্র সরকার সমর্থিত নীল প্যানেলকে প্রথমে মনোনয়ন ফরম দেওয়া হয় এবং পরে জামায়াত সমর্থিত সবুজ প্যানেলকে ফরম প্রদান করা হয়। তবে অন্যান্য সাধারণ আইনজীবীরা ফরম সংগ্রহ করতে গেলে নির্বাচন কমিশন তা দিতে অস্বীকৃতি জানায়। তিনি বলেন, “এতে সাধারণ আইনজীবীদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ সীমিত হয়ে গেছে, যা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।”
তিনি আরও দাবি করেন, বিষয়টি বাংলাদেশ বার কাউন্সিলের নজরে আনা হলেও তারা কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এমনকি এ নিয়ে মামলা পর্যন্ত হয়েছে, যা বরিশালের আইনজীবী মহলে ‘লজ্জাজনক’ ঘটনা হিসেবে উল্লেখ করেন তিনি।
অ্যাডভোকেট নাসির বলেন, “যদি গণতন্ত্রে আস্থা থাকে, তাহলে সকলকে সমান সুযোগ দিতে হবে। প্রশাসক নিয়োগের পরিবর্তে সিটি কর্পোরেশনগুলোতেও নির্বাচনের রোডম্যাপ দেওয়া উচিত।” তিনি তারেক রহমানকে জনগণের আস্থা অর্জনে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।
শেষে তিনি বলেন, “৩৬ জুলাই ২০২৪ হয়েছিল ইনসাফ প্রতিষ্ঠার জন্য, জুলুম প্রতিষ্ঠার জন্য নয়।”
— শেখ আবদুল্লাহ নাসির
অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট