neexra

ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা, জরিমানা ৩০ হাজার

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12 মে 2026, 09:40 পূর্বাহ্ন পঠিত: 62 বার
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা, জরিমানা ৩০ হাজার
ছবি: সংগৃহীত

ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা, জরিমানা ৩০ হাজার
স্টাফ রিপোর্টার | আজকের পয়গাম
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় অবৈধভাবে যৌন উত্তেজক সিরাপ ও ওষুধ তৈরির অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়ে সেটি সিলগালা করেছে উপজেলা প্রশাসন। এ সময় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ ও উৎপাদন সামগ্রী জব্দ করা হয়। পাশাপাশি কারখানার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১১ মে) বিকেলে উপজেলার উচাখিলা ইউনিয়নের চরআলগী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান এর নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চরআলগী গ্রামের মোখলেছুর রহমান একটি গার্মেন্টস কারখানার ভেতরে অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা গড়ে তোলেন। যদিও কারখানাটি আনুষ্ঠানিকভাবে উৎপাদন শুরু করেনি, তবে সেখানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ওষুধ তৈরির বিভিন্ন সরঞ্জাম মজুদ রাখা হয়েছিল।
অভিযান শেষে ড্রাগ অ্যাক্ট ১৯৪০ অনুযায়ী কারখানার মালিককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে কারখানাটি সিলগালা করা হয় এবং জব্দ করা মেয়াদোত্তীর্ণ ওষুধ উচাখিলা ইউনিয়ন পরিষদ চত্বরে ধ্বংস করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম এবং ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রতিনিধি উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সোহেল রানা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

#বাংলাদেশ #সংবাদ #Crime
neexra