মেহেন্দিগঞ্জে সাবেক প্রধান শিক্ষকের ওপর ভগ্নিপতির বর্বরোচিত হামলা: ঢাকায় চিকিৎসাধীন, গ্রেপ্তারের দাবি
মেহেন্দিগঞ্জে সাবেক প্রধান শিক্ষকের ওপর ভগ্নিপতির বর্বরোচিত হামলা: ঢাকায় চিকিৎসাধীন, গ্রেপ্তারের দাবি
মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় এক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের ওপর বর্বরোচিত ও ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের পানবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রহিম স্যারকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তাঁরই আপন ভগ্নিপতি রতন ঢালীর বিরুদ্ধে।
আহত শিক্ষক বর্তমানে চোখের মারাত্মক জখম নিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় মেহেন্দিগঞ্জের শিক্ষক সমাজ ও সচেতন মহলে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে।
ঘটনার বিবরণ:
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সকাল আনুমানিক ১০টার দিকে মেহেন্দিগঞ্জ উপজেলার চাঁনপুর ইউনিয়নের বাসিন্দা রতন ঢালীর সাথে পারিবারিক কোনো বিষয় নিয়ে সাবেক প্রধান শিক্ষক আব্দুর রহিম স্যারের সামান্য কথাকাটাকাটি হয়। কথাকাটাকাটির একপর্যায়ে রতন ঢালী উত্তেজিত হয়ে আব্দুর রহিম স্যারের চোখের ওপর মারাত্মক ও নৃশংস হামলা চালায়। হামলায় স্যারের চোখ গুরুতর জখম হয়। ঘটনার পরপরই উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাঁর চোখের অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে জরুরি ভিত্তিতে ঢাকায় স্থানান্তর করা হয়।
তীব্র নিন্দা ও বিচারের দাবি:
এদিকে একজন আদর্শ ও শ্রদ্ধেয় শিক্ষকের ওপর এমন অমানবিক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে মেহেন্দিগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষক পরিবার। শিক্ষক নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, "একজন মানুষ গড়ার কারিগরের ওপর এমন হামলা অত্যন্ত দুঃখজনক ও ন্যাক্কারজনক। আমরা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী রতন ঢালীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।"
একই সাথে সচেতন এলাকাবাসী ও শিক্ষক সমাজ অভিযুক্ত রতন ঢালীকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।