জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
পয়গাম ডেস্ক: নোয়াখালী
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা এলাকায় এক জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে প্রশাসন। এ ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (১৬ মে) সকালে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলার ১নং চরজব্বার ইউনিয়নের ইমানআলী বাজারসংলগ্ন একটি বাড়িতে অভিযান চালানো হয়। অভিযুক্ত আবদুস সামাদ ওরফে সামাদ ডাক্তার স্থানীয় ওয়ার্ড জামায়াতের আমির বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে সরকারি বস্তায় চাল মজুত রাখা হচ্ছিল। অভিযোগ রয়েছে, এসব চাল বাজারে বেশি দামে বিক্রির প্রস্তুতি চলছিল। খবর পেয়ে স্থানীয়রা বাড়িটিতে গিয়ে একটি কক্ষে প্রায় ৯৯ বস্তা সরকারি চাল দেখতে পান। পরে বিষয়টি প্রশাসন ও পুলিশকে জানানো হয়।
এদিকে স্থানীয়দের অভিযোগ, সকালে খবর দেওয়ার পরও পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে বেশ দেরি করে। ঘটনার পর থেকেই অভিযুক্ত সামাদ আত্মগোপনে রয়েছেন বলেও দাবি করেন তারা।
অভিযোগের বিষয়ে আবদুস সামাদ মোবাইল ফোনে জানান, উদ্ধার হওয়া চাল তিনি লক্ষ্মীপুরের রামগতির একটি মাদ্রাসা থেকে কিনেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু না বলেই ফোন কেটে দেন।
অন্যদিকে চরজব্বার ইউনিয়ন জামায়াতের আমির ওমর ফারুক দাবি করেন, বিভিন্ন মাদ্রাসার সরকারি বরাদ্দের চাল বৈধভাবে ক্রয় করা হয়েছিল। কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটনাটিকে ‘অবৈধ চাল’ হিসেবে প্রচার করছেন বলেও অভিযোগ করেন তিনি।
সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান বলেন, উদ্ধার করা চাল প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। বৈধ কাগজপত্র দেখাতে পারলে চাল ফেরত দেওয়া হবে, অন্যথায় তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।