খতিব থেকে সংসদ সদস্য: রংপুর-৬ আসনে বিজয়ী মাওলানা নুরুল আমিন
বিজয়ী মাওলানা নুরুল আমিন
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | আজকের পয়গাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ (পীরগঞ্জ) আসন থেকে নির্বাচিত হয়ে আলোচনায় এসেছেন ৫১ বছর বয়সী মাওলানা নুরুল আমিন। মসজিদের মিম্বার থেকে সরাসরি জাতীয় সংসদে যাওয়ার এই ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান তাঁকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
পেশা ও পরিচিতি
মাওলানা নুরুল আমিন পেশায় একজন ইমাম ও খতিব। তিনি পীরগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক। এছাড়া তিনি বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন-এর কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি এবং দেশব্যাপী ইসলামী বক্তা হিসেবে পরিচিত।
তিনি উপজেলার চতরা ইউনিয়নের আলতাব নগর জামে মসজিদের খতিব। নির্বাচনের পরদিনও তিনি মসজিদে ইমামতি করেন, যেখানে হাজারো মুসল্লির সমাগম ঘটে।
নির্বাচনী ফলাফল
জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ১,২০,১২৮ ভোট।
নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী সাইফুল ইসলাম পেয়েছেন ১,১৭,৭০৩ ভোট।
বিজয় প্রতিক্রিয়া
বিজয়ের পর তিনি বলেন,
“ভোটাররা আমাকে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচিত করেছেন। আমি কোনো দলের নয়, পীরগঞ্জের সব মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই।”
তিনি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করায় আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান এবং বলেন, আল্লাহর রহমতেই এই বিজয় সম্ভব হয়েছে।
ব্যক্তিগত পরিচয়
শহীদ আবু সাঈদের রক্তস্নাত পীরগঞ্জের দুরামীতিপুর গ্রামের বাসিন্দা মাওলানা নুরুল আমিন ১৯৭৪ সালের ১ মার্চ জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মাওলানা আজিজুর রহমান ও মাতা আমেনা খাতুন।
অঙ্গীকার
তিনি বলেন, জনগণের দেওয়া দায়িত্ব সম্মানের সঙ্গে পালন করে পীরগঞ্জের উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করবেন।