‘দেশে সাজানো ও ইঞ্জিনিয়ারিংয়ের নির্বাচন হয়েছে’—ফয়জুল করীম
দেশে সাজানো ও ইঞ্জিনিয়ারিংয়ের নির্বাচন হয়েছে’—ফয়জুল করীম
বরিশাল প্রতিনিধি:
জাতীয় সংসদ নির্বাচনকে ‘সাজানো’ ও ‘ইঞ্জিনিয়ারিংয়ের নির্বাচন’ বলে অভিযোগ করেছেন মুফতি সৈয়দ ফয়জুল করীম। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বরিশাল ক্লাব মিলনায়তনে আলেম-ওলামা ও পেশাজীবীদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ–এর বরিশাল মহানগর শাখার সভাপতি মো. লোকমান হাকিম।
ফয়জুল করীম বলেন, দেশবাসী একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করেছিল। কিন্তু পরিকল্পিতভাবে সারা দেশে হাতপাখা প্রতীকের প্রার্থীদের হারানো হয়েছে বলে তিনি দাবি করেন। নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের মাধ্যমে ফলাফল প্রভাবিত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি নরসিংদীসহ বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ড ও নিপীড়নের ঘটনার উল্লেখ করেন এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, ব্যাংকিং খাতে অভিজ্ঞতা ছাড়া একজন ব্যবসায়ীকে গভর্নর হিসেবে বসানো হয়েছে—এতে খাতটি ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, “ব্যাংকের টাকা এ দেশের জনগণের, কোনো দলের নয়।”
অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, পেশাজীবী ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।