প্লাস্টিকের ডিম বিক্রির অভিযোগে বিক্রেতা আটক, ডিম নষ্ট
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় প্লাস্টিকের ডিম বিক্রির অভিযোগে এক বিক্রেতাকে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় তার কাছে থাকা কিছু ডিম ভেঙে ফেলা হয় এবং বাকিগুলো নদীতে ফেলে নষ্ট করা হয়। ঘটনা ঘটে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কোনাবাড়ীর আমবাগ রোডের এমএম গার্মেন্টস সংলগ্ন এলাকায় ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে ডিম বিক্রি করছিলেন। সম্প্রতি কয়েকজন ক্রেতার সন্দেহ হয়, তার বিক্রি করা ডিমগুলো স্বাভাবিক নয়। ডিমের গঠন ও ভেতরের উপাদান অস্বাভাবিক মনে হওয়ায় বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার বিকেলে স্থানীয়রা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করলে, তার কাছে থাকা ডিমগুলো ভাঙা হয়। এরপর সেগুলো প্লাস্টিকজাতীয় বা কৃত্রিম উপাদানে তৈরি বলে অভিযোগ ওঠে।
উত্তেজিত জনতা পরে আমবাগ ব্রিজের ওপর ডিমগুলো নদীতে ফেলে দেয়। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে সংশ্লিষ্ট প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি।