রাজনৈতিক দুর্বৃত্তদের শাস্তি নিশ্চিত করতে হবে: ইসলামী আন্দোলন বাংলাদেশ
রাজনৈতিক দুর্বৃত্তদের শাস্তি নিশ্চিত করতে হবে: ইসলামী আন্দোলন বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক | আজকের পয়গাম
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬
নরসিংদীর মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে বলেন, প্রথম দফায় সংঘবদ্ধ ধর্ষণের পর বিচারের নামে উল্টো ভুক্তভোগী কিশোরীকে এলাকাছাড়া করা হয়। পরবর্তীতে সাহস পেয়ে ধর্ষকচক্র আবারও কিশোরীকে তার বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে হত্যা করে। পুরো ঘটনাকে তিনি “লোমহর্ষক ও বর্বরতার সীমা ছাড়ানো” বলে উল্লেখ করেন।
তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রশ্রয় ও দুর্বৃত্তায়নের কারণেই এ ধরনের অপরাধ সংঘটিত হয়েছে। অভিযুক্ত ব্যক্তি মহিষাশুড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতির বলয়ের হওয়ায় প্রথম দফায় ধর্ষণের দুঃসাহস দেখিয়েছে এবং বিচারের নামে নির্যাতিতের ওপরই চাপ প্রয়োগ করা হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এ ঘটনার সঙ্গে জড়িত সকল অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। পাশাপাশি যে রাজনৈতিক চক্র অপরাধীদের প্রশ্রয় দিয়েছে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে কেন্দ্রীয় বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, সারা দেশের দলীয় কমিটি পুনর্গঠন করে অপরাধী ও অপরাধপ্রবণ ব্যক্তিদের বাদ দিতে হবে। অন্যথায় এ ধরনের ঘটনার দায় দলকেও নিতে হবে।