রমাদানকে ঘিরে সামাজিক পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ
পবিত্র মাহে রমাদানকে সামনে রেখে সমাজের নৈতিক পরিবেশ ও মানুষের আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মাওলানা ইউনুস আহমাদ। তিনি বলেন, ইবাদতের এই পবিত্র মাসে আমাদের আমল কেমন হবে তা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন।
তিনি জানান, সম্প্রতি অসহ্য কোমরের ব্যথা নিয়ে চিকিৎসকের কাছে গেলে সেখানে রোগীদের অপেক্ষারত অবস্থায় নির্বাচন ও রাজনীতি নিয়ে আলোচনা চলছিল। কথোপকথনের এক পর্যায়ে উপস্থিত কয়েকজন বিভিন্ন সমস্যার জন্য এক নির্দিষ্ট ধর্মীয় ও রাজনৈতিক ধারাকে দায়ী করে মন্তব্য করেন।
ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে ফার্মেসিতে গেলেও একই ধরনের আলোচনা ও পরনিন্দার প্রবণতা লক্ষ্য করেন তিনি। পরে রুপাতলী কাঁচাবাজারে গিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চিত্র দেখেন—লেবু হালি ১০০ টাকা, কলা হালি ৬০ টাকা, শসা কেজি ১০০ টাকাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় মানুষের মধ্যে ক্ষোভ লক্ষ্য করা যায়। সেখানেও একইভাবে দোষারোপ ও আলোচনা চলতে দেখা যায়।
আসর নামাজ আদায়ের জন্য মসজিদে গেলে নামাজের পূর্বমুহূর্ত পর্যন্ত উচ্চস্বরে আলোচনা ও গীবতচর্চার পরিবেশ লক্ষ্য করেন। নামাজ শেষে চায়ের দোকানেও একই ধরনের আলোচনা চলতে দেখেন বলে তিনি উল্লেখ করেন।
মাওলানা ইউনুস আহমাদ বলেন, পবিত্র মাহে রমাদানের পবিত্রতা রক্ষা, গীবত ও অনর্থক বিতর্ক থেকে বিরত থাকা এবং ইবাদতে মনোযোগী হওয়া এখন সময়ের দাবি।
তিনি আল্লাহর কাছে দোয়া করেন, যেন সবাই রমাদানের মর্যাদা রক্ষা করে ইবাদতে আত্মনিয়োগ করতে পারে।