গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি হলে আন্দোলনের হুঁশিয়ারি, রংপুরে ১১ দলের লিফলেট বিতরণ
গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি হলে আন্দোলনের হুঁশিয়ারি, রংপুরে ১১ দলের লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক, রংপুর | প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬
গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে রংপুর মহানগরে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে ১১ দলীয় জোট। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের প্রেস ক্লাব এলাকা, জাহাজ কোম্পানি মোড়সহ আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরের আমির এটিএম আজম খান, সহকারী সেক্রেটারি আলামিন হাসান, কোতোয়ালি থানা আমির মাওলানা গোলাম কিবরিয়া, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রংপুর মহানগরের সদস্য সচিব আব্দুল মালেক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাল উদ্দিন কাদেরী শান্তি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আলমগীর নয়নসহ জোটের অন্যান্য নেতাকর্মীরা।
এ সময় বক্তারা অভিযোগ করেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ জাতীয় সংসদের পাশাপাশি ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের পক্ষে রায় দিলেও সরকার তা বাস্তবায়নে গড়িমসি করছে। তারা বলেন, গণভোটের রায় উপেক্ষা করে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে এবং রাষ্ট্র সংস্কারের পথ বাধাগ্রস্ত করা হচ্ছে।
বক্তারা আরও দাবি করেন, সরকার একতরফাভাবে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করছে, যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু অধ্যাদেশ বাতিলের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা, সাংবিধানিক প্রতিষ্ঠানের নিরপেক্ষতা এবং মানবাধিকার রক্ষার প্রক্রিয়া দুর্বল করা হচ্ছে বলেও তারা অভিযোগ তোলেন।
জামায়াত নেতা এটিএম আজম খান হুঁশিয়ারি দিয়ে বলেন, গণভোটের রায় বাস্তবায়নে বিলম্ব করা হলে জনগণকে সঙ্গে নিয়ে গণআন্দোলন গড়ে তোলা হবে।
লিফলেট বিতরণের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি গণভোটের রায় বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতারা।