ক্ষমতায় এলে ঢাকার ৪০টি খেলার মাঠ ও নিরাপদ নগরী গড়ার ঘোষণা : তারেক রহমানের
নিজস্ব প্রতিবেদক: আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজধানীর মিরপুরে গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে ঢাকা শহরকে নিয়ে নিজের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, বিএনপি যদি আগামীতে সরকার গঠন করতে পারে, তবে রাজধানী ঢাকায় ৪০টি নতুন খেলার মাঠ নির্মাণ করা হবে।
রবিবার বিকেলে মিরপুর ইসিবি চত্বরে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।
শহরের নাগরিকদের জীবনমান উন্নয়ন এবং শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের ওপর গুরুত্বারোপ করে বিএনপি চেয়ারম্যান বলেন, "আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের বেড়ে ওঠার জন্য উন্মুক্ত স্থানের প্রয়োজন। ইনশাআল্লাহ, বিএনপি আগামী ১২ তারিখে সরকার গঠন করতে সক্ষম হলে আমরা ঢাকা শহরের বিভিন্ন স্থানে ৪০টি খেলার মাঠ তৈরি করব।"
জনাকীর্ণ এই পথসভায় তিনি দীর্ঘ বক্তব্য দেওয়া থেকে বিরত থাকেন। মানুষের চলাচলের যাতে বিঘ্ন না ঘটে, সেদিকে লক্ষ্য রেখে তিনি সংক্ষিপ্ত আকারে নিজের দলের ইশতেহার ও পরিকল্পনা তুলে ধরেন।
নিরাপদ ঢাকা গড়ার প্রত্যয় কেবল অবকাঠামো নয়, নাগরিকদের নিরাপত্তার বিষয়টিকেও সর্বোচ্চ অগ্রাধিকার দেন তারেক রহমান। তিনি ঢাকাকে একটি নিরাপদ ও নারীবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, "আমরা এমন একটি ঢাকা গড়তে চাই যেখানে আমাদের মা-বোনেরা দিন-রাত যেকোনো সময়ে নিরাপদে চলাচল করতে পারবেন। কারো মনে কোনো ভীতি থাকবে না।" পাশাপাশি ব্যবসায়ীরা যাতে চাঁদাবাজি বা কোনো প্রকার হুমকি ছাড়া নির্বিঘ্নে তাদের ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করারও প্রতিশ্রুতি দেন তিনি।
যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এলাকার ট্রাফিক জ্যাম নিরসন ও যোগাযোগ ব্যবস্থা সহজতর করতে সুনির্দিষ্ট পরিকল্পনার কথাও জানান তারেক রহমান। তিনি ঘোষণা দেন, ক্ষমতায় গেলে মিরপুর ইসিবি চত্বর থেকে উত্তরা জসিম উদ্দিন পর্যন্ত বিদ্যমান সড়কটি প্রশস্ত করা হবে, যাতে নগরবাসী স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি উপস্থিত জনতার কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, "দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে আপনাদের কাছে বিনীত অনুরোধ, আগামী ১২ তারিখের নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করুন।1