শহীদ মিনারে গুলিবিদ্ধ কনটেন্ট ক্রিয়েটর রাকিবের মৃত্যু
শহীদ মিনারে গুলিবিদ্ধ কনটেন্ট ক্রিয়েটর রাকিবের মৃত্যু
স্টাফ রিপোর্টার:
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলিবিদ্ধ হয়ে রাকিবুল ইসলাম (২৭) নামে এক কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। তাকে প্রকাশ্যে চার রাউন্ড গুলি করার পর ছুরিকাঘাত করা হয় বলে জানিয়েছে পুলিশ।
রবিবার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। হামলার পর ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রাকিবকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১০টার দিকে আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এক যুবককে গুলি ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম সিহাব হোসেন। তার বাড়ি খুলনায় বলে জানা গেছে। পথচারীরা তাকে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের কাছে দিলে তারা পরে পুলিশের কাছে সোপর্দ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ জানান, গুলির ঘটনার পর প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। বর্তমানে শাহবাগ থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।