neexra

রাজশাহীতে চাঁদাদাবির অভিযোগে ছাত্রদলের দুই নেতা গ্রেপ্তার

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07 মার্চ 2026, 07:32 অপরাহ্ন পঠিত: 61 বার
রাজশাহীতে চাঁদাদাবির অভিযোগে ছাত্রদলের দুই নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজশাহীতে চাঁদাদাবির অভিযোগে ছাত্রদলের দুই নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | রাজশাহী | আজকের পয়গাম
রাজশাহীতে চাঁদা না দেওয়ায় এক কলেজশিক্ষককে মারধরের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (৭ মার্চ) রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া থানা সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে শুক্রবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— আব্দুল্লাহ আল মারুফ শিহাব ও আবু সুফিয়ান চন্দন। তাদের মধ্যে শিহাব রাজশাহীর শাহ মখদুম কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং চন্দন রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।
অভিযোগে জানা যায়, শাহ মখদুম কলেজের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান জুয়েলের কাছে গত তিন মাস ধরে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন শিহাব ও চন্দন। দাবিকৃত টাকা না দেওয়ায় গত বছরের ২৬ নভেম্বর দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
এছাড়া গত ৪ মার্চ রাত ১০টার দিকে নগরীর কাদিরগঞ্জ এলাকায় নিজের বাসার নিচে একা পেয়ে ওই শিক্ষককে মারধর করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় তিনি বোয়ালিয়া থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুই ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করে।
তবে গ্রেপ্তারের আগে শুক্রবার রাত ১০টার দিকে নগরীর নিউমার্কেট এলাকায় সংবাদ সম্মেলন করে শিহাব ও চন্দন অভিযোগ অস্বীকার করেন। তারা দাবি করেন, ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষক জুয়েল আওয়ামী লীগের পক্ষে কাজ করেছিলেন। এছাড়া মহানগরীর কুমারপাড়ায় ধ্বংস হওয়া আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় ব্যানার টাঙানোর ঘটনার প্রতিবাদ করায় তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
অভিযোগ অস্বীকার করে শিক্ষক আসাদুজ্জামান জুয়েল বলেন, তাদের চাঁদা দাবির একাধিক ভয়েস রেকর্ড তার কাছে রয়েছে এবং তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের বিরোধিতা করেননি।
মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, মামলার পর আসামিদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

#বাংলাদেশ #সংবাদ #politics
neexra