শিক্ষাঙ্গণে সহিংসতা বন্ধে কঠোর ব্যবস্থা দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
শিক্ষাঙ্গণে সহিংসতা বন্ধে কঠোর ব্যবস্থা দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক:
শিক্ষাঙ্গণে সন্ত্রাস ও সহিংসতা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান সহিংস ছাত্ররাজনীতি গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেছে সংগঠনটি।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) মধুর ক্যান্টিন, ঢাকা বিশ্ববিদ্যালয়-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ বলেন, চট্টগ্রাম সিটি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রসংগঠনগুলোর মধ্যে সংঘর্ষ, পেশিশক্তির প্রদর্শন ও সহিংস কর্মকাণ্ড শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত করছে।
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান হওয়া উচিত জ্ঞানচর্চা, মতপ্রকাশের স্বাধীনতা ও পারস্পরিক শ্রদ্ধার নিরাপদ ক্ষেত্র। কিন্তু বর্তমান বাস্তবতায় ছাত্ররাজনীতির নামে সহিংসতা ও ভীতির সংস্কৃতি সাধারণ শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে।
তিনি আরও বলেন, অতীতের সহিংস রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি রোধ করে প্রতিটি ক্যাম্পাসে নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি। এ সময় শিক্ষার্থীদের সচেতন ও ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
সংবাদ সম্মেলনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দোষীদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং শিক্ষাঙ্গনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সংবাদ সম্মেলন থেকে দুই দফা কর্মসূচি ঘোষণা করা হয়—
১. ২৪ এপ্রিল ২০২৬, শুক্রবার, বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদ উত্তর গেইট থেকে সন্ত্রাসবিরোধী পদযাত্রা।
২. ২৬ এপ্রিল ২০২৬, রবিবার, দেশব্যাপী ক্যাম্পাসসমূহে সন্ত্রাসবিরোধী মানববন্ধন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।