neexra

সংস্কার থেকে পেছালে ফের অভ্যুত্থানের হুঁশিয়ারি

Md Ahad Hossain Rakib, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06 এপ্রি. 2026, 08:26 অপরাহ্ন পঠিত: 40 বার
সংস্কার থেকে পেছালে ফের অভ্যুত্থানের হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত

সংস্কার থেকে পেছালে ফের অভ্যুত্থানের হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক, আজকের পয়গাম:
রাষ্ট্রীয় সংস্কার প্রশ্নে সরকার পিছিয়ে গেলে আবারও গণঅভ্যুত্থানের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে—এমন হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে বিডিএল ভবনে ‘ভয়েস অব রিফর্ম’ আয়োজিত এক নাগরিক সংলাপে তিনি এ মন্তব্য করেন। ‘বিচার বিভাগের স্বাধীনতা-সংক্রান্ত অধ্যাদেশ বাতিল ও গুম প্রতিরোধ-প্রতিকার অধ্যাদেশ স্থগিত: সুশাসন ও মানবাধিকারের অগ্রযাত্রার প্রতি হুমকি’ শীর্ষক এ সংলাপে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
হাসনাত আবদুল্লাহ বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি পরিবর্তনের জন্য নয়; বরং রাষ্ট্রকাঠামোর মৌলিক পরিবর্তনের লক্ষ্যেই সংঘটিত হয়েছিল। তিনি দাবি করেন, বর্তমান ব্যবস্থা অপরিবর্তিত থাকলে ভবিষ্যতে যে কেউ ‘হাসিনা’ হয়ে উঠতে পারে। তাই সময়ের দাবি হচ্ছে কার্যকর রাষ্ট্রীয় সংস্কার।
তিনি আরও বলেন, সরকার যদি সংখ্যাগরিষ্ঠতার জোরে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম থেকে সরে আসে, তবে জুলাইয়ের মতো আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি নেওয়া হবে।
মানবাধিকার কমিশন-সংক্রান্ত অধ্যাদেশ যথাযথভাবে কার্যকর না হওয়ার আশঙ্কা তুলে ধরে তিনি বলেন, এতে তদন্তের দায়িত্ব আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে ফিরে যেতে পারে। ফলে অতীতের সহিংস ঘটনার নিরপেক্ষ তদন্ত বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হবে।
সংলাপে মানবাধিকারকর্মী ও আইনজীবী মানজুর-আল-মতিন বলেন, নির্বাচিত প্রতিনিধিদের অপসারণসংক্রান্ত অধ্যাদেশ দ্রুত গৃহীত হলেও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার আইন এখনও আমলাতান্ত্রিক জটিলতায় আটকে রয়েছে। তিনি দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সংলাপে আরও বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী, আলোকচিত্রী শহিদুল আলম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাধারণ সম্পাদক সৈয়দ হাসিবউদ্দীন হোসেন এবং আমার বাংলাদেশ পার্টির (এবি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুসহ বিশিষ্ট ব্যক্তিরা।
সংলাপটি সঞ্চালনা করেন ‘ভয়েস অব রিফর্ম’-এর উদ্যোক্তা ফাহিম মাশরুর।

#বাংলাদেশ #সংবাদ #politics
neexra