আব্বাসকে কাছে পেয়ে যা বললেন পাটওয়ারী
আব্বাসকে কাছে পেয়ে যা বললেন পাটওয়ারী
আজকের পয়গাম ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, শনিবার অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর ইফতার মাহফিলে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, ইফতার পরিবেশনকারী কর্মী ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যদের সঙ্গে মুসাফাহ করেন এবং মতবিনিময় করেন।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ কথোপকথনের উল্লেখ করেন।
পাটওয়ারী লেখেন, জামায়াতের আমীরের কাছে দোয়া চাইলে তিনি বলেন, “তোমার জন্য দোয়া ও দাওয়াহ দুইটাই রইলো।”
তিনি আরও জানান, তারেক রহমান-কে উদ্দেশ করে বলেন, “বাসার বুয়া প্রতিদিন ফ্যামিলি কার্ড চায়। এটা নির্বাচনে জেতার ভালো কৌশল ছিলো।” জবাবে তারেক রহমান বলেন, “এটা শুরু করেছি, খুব শিগগিরই সারা বাংলাদেশে চালু হবে।”
মঈন খান-এর সঙ্গে কুশল বিনিময় প্রসঙ্গে পাটওয়ারী জানান, তিনি জানতে চাইলে মঈন খান বলেন, “ভালো আছি, বাসায় আসবেন।”
এছাড়া সালাউদ্দিন আহমেদ-কে উদ্দেশ করে শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার অনুরোধ জানান তিনি। জবাবে সালাউদ্দিন বলেন, “সঠিক বিচার নিশ্চিত করতে সময় লাগবে।”
স্ট্যাটাসে পাটওয়ারী আরও উল্লেখ করেন, আব্বাসকে উদ্দেশ করে তিনি বলেন, “ছোট ভাইয়ের সাথে এগুলো না করলেও পারতেন,” এবং তাকে নিজের বাসায় ইফতারের দাওয়াত দেন।
ইফতার শেষে একই টেবিলে প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতৃবৃন্দের কাছ থেকে বিদায় নেওয়ার সময় আব্বাস আবারও বলেন, “দুষ্টুমি করবা না।” জবাবে পাটওয়ারী বলেন, “ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিয়ে ছেড়ে দিলেও পারতেন।”
উক্ত স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।