‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়ায় স্বয়ংক্রিয়ভাবে কার্যকারিতা শুরু হবে: পানিসম্পদমন্ত্রী
‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়ায় স্বয়ংক্রিয়ভাবে কার্যকারিতা শুরু হবে: পানিসম্পদমন্ত্রী
লক্ষ্মীপুর প্রতিনিধি, আজকের পয়গাম
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬
পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘হ্যাঁ’ যেহেতু জয়যুক্ত হয়েছে, তাই স্বয়ংক্রিয়ভাবে এর কার্যকারিতা শুরু হয়ে যাবে এবং তা সংবিধানের অংশ হিসেবে অন্তর্ভুক্ত হবে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলার কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গুম-খুনের শিকার নেতাকর্মীদের স্মরণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর ১৭ ফেব্রুয়ারি তারা শপথ গ্রহণ করেন এবং এক মাসের মধ্যে সরকার দেশের জন্য কাজ করে যাচ্ছে—যা জনগণের কাছে দৃশ্যমান। তিনি দাবি করেন, সরকারের কার্যক্রম সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে জনগণ দেখতে পাচ্ছে।
তিনি আরও বলেন, পার্লামেন্টে বিল উত্থাপনের মাধ্যমে ‘হ্যাঁ’ কার্যকর হবে এবং তা সংবিধানের অন্তর্ভুক্ত থাকবে। এ বিষয়ে ভিন্নমত (নোট অব ডিসেন্ট) থাকলে তা সংসদে আলোচনার মাধ্যমে ইতিবাচক বা নেতিবাচক সিদ্ধান্তে পৌঁছাবে।
তারেক রহমান-এর উদ্যোগে ‘ফ্যামিলি কার্ড’ ইতোমধ্যে পাইলট প্রকল্প হিসেবে চালু হয়েছে উল্লেখ করে তিনি জানান, আগামী মাসে ‘কৃষক কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রের প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছেন এবং ছুটির দিনেও কাজ করছেন। এ ধারাবাহিকতা বজায় থাকলে দেশের মানুষ এর সুফল পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।