neexra

প্রধানমন্ত্রীর সঙ্গে এবি পার্টির বৈঠক, চার দফা সুপারিশ

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11 মার্চ 2026, 07:58 অপরাহ্ন পঠিত: 68 বার
প্রধানমন্ত্রীর সঙ্গে এবি পার্টির বৈঠক, চার দফা সুপারিশ
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে এবি পার্টির বৈঠক, চার দফা সুপারিশ
আজকের পয়গাম ডেস্ক:
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-এর সঙ্গে সাক্ষাৎ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর একটি প্রতিনিধিদল। বুধবার (১১ মার্চ) দুপুরে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু-এর নেতৃত্বে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর সংসদ ভবন কার্যালয়ে এই সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে দীর্ঘদিনের রাজনৈতিক বঞ্চনা, স্বৈরশাসন ও আগস্ট বিপ্লব-পরবর্তী অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষে জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশের দায়িত্ব গ্রহণ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান মঞ্জু। এ সময় এবি পার্টির চেয়ারম্যান দলের পক্ষ থেকে এবং ফেনীতে তার নির্বাচনী এলাকার পক্ষে প্রধানমন্ত্রীকে দুটি পৃথক চিঠি হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রী প্রতিনিধিদলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং এবি পার্টিকে ধন্যবাদ জানিয়ে দেশ ও জনগণের কল্যাণে ইতিবাচক রাজনীতির ওপর গুরুত্বারোপ করেন। বৈঠকে নেতৃবৃন্দ জুলাই–আগস্টের উত্তাল সময়ের বিভিন্ন ঘটনার স্মৃতিচারণও করেন।
এবি পার্টির প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান আব্দুল ওহাব মিনার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ এবং দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা।
বৈঠকে এবি পার্টির পক্ষ থেকে জাতীয় পর্যায়ে চার দফা গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরা হয়। সেগুলো হলো—
১. জুলাই সনদ বাস্তবায়ন ও সাংবিধানিক সংস্কার পরিষদ নিয়ে সৃষ্ট বিতর্ক ও জটিলতা আইনি ও সাংবিধানিক বিরোধ এড়িয়ে সমঝোতামূলক ও গ্রহণযোগ্য উপায়ে সমাধান করা।
২. সম্ভাব্য আন্তর্জাতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সব রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি সার্বজনীন পরামর্শ সভার আয়োজন করা।
৩. দেশে আইনশৃঙ্খলার ওপর আস্থা ফিরিয়ে আনতে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় রোধে যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে নতুন সরকারের কঠোর অবস্থান নিশ্চিত করা।
৪. মহান মুক্তিযুদ্ধের অঙ্গীকার—সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে দেশ গড়ে তোলা এবং অতীতের জুলুম-নির্যাতন ও গণহত্যার বিচার নিশ্চিত করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া।

#বাংলাদেশ #সংবাদ #politics
neexra