গণভোটের রায় না মানলে সরকার ‘অবৈধ’: এনসিপির হুঁশিয়ারি
গণভোটের রায় না মানলে সরকার ‘অবৈধ’: এনসিপির হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক | আজকের পয়গাম
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬
সংস্কার প্রশ্নে জাতীয় নির্বাচনের দিন অনুষ্ঠিত গণভোটের রায় কার্যকর না হলে বর্তমান সরকারকে ‘অবৈধ ঘোষণা’ করে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সরকার গণভোটের গণরায় উপেক্ষা করছে এবং রাষ্ট্র সংস্কার সংক্রান্ত জরুরি অধ্যাদেশগুলো বাতিল করছে। তিনি বলেন, “গণভোটের রায় মেনে না নিলে সেদিন থেকেই আমরা এই সরকারকে অবৈধ ঘোষণা করব। জনগণের অর্জন নষ্ট করার চেষ্টা করলে আমরা রাজপথে নামতে বাধ্য হব।”
তিনি আরও বলেন, এনসিপি শুরু থেকেই সরকারকে সহযোগিতা করতে চেয়েছিল। তবে সরকারের সদিচ্ছার অভাবে তা সম্ভব হয়নি। গণভোটকে ঘিরে ‘নাটকীয়তা’ তৈরি হওয়ায় আন্দোলনে নামা ছাড়া বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির উদ্দেশে আসিফ মাহমুদ বলেন, “ইতিহাসে দেখা গেছে, গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা না হলে বড় পরিবর্তন ঘটে। ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের পর ১৯৭১ এসেছে। একইভাবে ২০২৪ সালের আন্দোলনের চেতনা রক্ষা না হলে ভবিষ্যতে আবারও বড় আন্দোলন হতে পারে।”
তিনি দাবি করেন, জিয়াউর রহমানের আমলের গণভোটের সঙ্গে বর্তমান গণভোটের মৌলিক পার্থক্য রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, আগেরটি ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, আর বর্তমান গণভোট রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে।
সংবিধান লঙ্ঘনের অভিযোগ তুলে তিনি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থায় জনপ্রতিনিধিদের বদলে প্রশাসক নিয়োগ দিয়ে সরকারের নির্বাহী বিভাগ অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করছে। এতে নির্বাচিত প্রতিনিধিদের অপসারণের ঝুঁকি তৈরি হচ্ছে।
ফোনে আড়িপাতা সংক্রান্ত বিষয়েও উদ্বেগ প্রকাশ করে এনসিপির মুখপাত্র বলেন, পূর্ববর্তী শাসনামলে বহু সংস্থার হাতে আড়িপাতার ক্ষমতা ছিল, যা অন্তর্বর্তী সরকার সীমিত করেছিল। কিন্তু বর্তমান সরকার সেই সীমাবদ্ধতা তুলে দিয়ে আবারও একাধিক সংস্থাকে এ ক্ষমতা ফিরিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপি নেতারা সংশ্লিষ্ট সকল পক্ষকে সংলাপের মাধ্যমে সমাধানের আহ্বান জানান।