neexra

জামায়াত নেতার অবৈধ পাম্পে অভিযান, পানির ট্যাংকে তেলের সন্ধান

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08 মার্চ 2026, 05:48 অপরাহ্ন পঠিত: 47 বার
জামায়াত নেতার অবৈধ পাম্পে অভিযান, পানির ট্যাংকে তেলের সন্ধান
ছবি: সংগৃহীত

জামায়াত নেতার অবৈধ পাম্পে অভিযান, পানির ট্যাংকে তেলের সন্ধান
পাবনা প্রতিনিধি:
পাবনার সদর উপজেলার হেমায়েতপুরে জামায়াত নেতা জাহাঙ্গীর আলম ওরফে আলম হাজীর অবৈধ তেলের পাম্পে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে পাম্পের ট্যাংকে মজুদ করে রাখা বিপুল পরিমাণ তেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাম্প কর্তৃপক্ষকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) বিকেলে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলীম।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইসলামপুর গ্রামের জামে মসজিদ সংলগ্ন এলাকায় একটি বড় ট্যাংকে অবৈধভাবে তেল মজুদের অভিযোগ পাওয়া যায়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে বিকেল তিনটার দিকে অভিযান শুরু করা হয়। প্রায় দুই ঘণ্টা তল্লাশির পর বিভিন্ন অনিয়ম এবং ঝুঁকিপূর্ণ পরিবেশে প্লাস্টিকের ট্যাংকে বিপুল পরিমাণ তেল মজুদের প্রমাণ পাওয়া যায়।
এ সময় পাম্প কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে ভ্রাম্যমাণ আদালত পাম্পের দায়িত্বে থাকা আব্দুল হান্নানকে কয়েকটি ধারায় ৯০ হাজার টাকা জরিমানা করেন এবং সতর্কবার্তা দেন।
স্থানীয়দের অভিযোগ, যথাযথ লাইসেন্স ও অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে সেখানে তেল মজুদ করা হচ্ছিল। গুরুতর অপরাধের পরও শুধু জরিমানা দিয়ে বিষয়টি নিষ্পত্তি করায় প্রশ্ন উঠেছে।
এক প্রত্যক্ষদর্শী জানান, ২০২১ সালের নভেম্বরে ওই পাম্পে বিস্ফোরণের ঘটনায় দুই শ্রমিক দগ্ধ হয়ে মারা যান। সে সময়ও পাম্পটির নিরাপত্তা ও লাইসেন্স নিয়ে প্রশ্ন উঠেছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলীম বলেন, অভিযানে অবৈধ কার্যক্রমের প্রমাণ পাওয়া গেছে। ভ্রাম্যমাণ আদালতের আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে এবং কাগজপত্র ঠিক করার জন্য সময় দেওয়া হয়েছে। ভবিষ্যতে একই ধরনের অপরাধ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে পাম্প মালিক জাহাঙ্গীর আলম ওরফে আলম হাজী সাংবাদিকদের জানান, পাম্পটি তার ছোট ভাই আব্দুল হান্নান দেখাশোনা করেন এবং প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে বলে দাবি করেন।
উল্লেখ্য, একই দিনে নাটোরের সিংড়া উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেখানে পানির ট্যাংকে প্রায় ১০ হাজার লিটার তেল পাওয়া যায়।

#বাংলাদেশ #সংবাদ #politics
neexra