বিসিসি নির্বাচন ঘিরে ইসলামী আন্দোলনের সম্ভাব্য প্রার্থী শেখ আবদুল্লাহ নাসির
বিসিসি নির্বাচন ঘিরে ইসলামী আন্দোলনের সম্ভাব্য প্রার্থী শেখ আবদুল্লাহ নাসির
স্টাফ রিপোর্টার, বরিশাল:
আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্য সিনিয়র আইনজীবী শেখ আবদুল্লাহ নাসির। দলীয় বিভিন্ন পর্যায়ে তার নাম নিয়ে আলোচনা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জানা যায়, শেখ আবদুল্লাহ নাসির ইসলামী আইনজীবী পরিষদ বরিশাল এর সভাপতি এবং ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও বরিশাল আদালতে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রাখছেন।
ব্যক্তিগত জীবনে তিনি বরিশাল নগরীর বাজার রোড, সাগর গলি এলাকার স্থায়ী বাসিন্দা। তার পিতা ছিলেন পুলিশ বিভাগের সদস্য, যিনি ন্যায়-পরায়ণতা ও সততার জন্য এলাকায় পরিচিত ছিলেন। পিতার আদর্শ অনুসরণ করে আইন পেশার মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করছেন বলে জানা গেছে।
শেখ আবদুল্লাহ নাসির বলেন, “বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করলে জনগণের সেবাই হবে আমার মূল লক্ষ্য। আমি নগরবাসীর খেদমত করতে চাই এবং তাদের সুখ-দুঃখে পাশে থাকতে চাই। বরিশালকে একটি বাসযোগ্য ও উন্নত নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করবো।”
তিনি আরও বলেন, “নির্বাচন সুষ্ঠু হলে জনগণের ভোটে নির্বাচিত হয়ে নগরবাসীর কল্যাণে কাজ করতে চাই। আমি বরিশালের ‘নগর বন্ধু’ হতে চাই এবং জনসাধারণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে দায়িত্ব পালন করবো।”
সংশ্লিষ্টরা জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলো প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু করবে। তফসিল ঘোষণার পর বিএনপি, বাসদ, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলও তাদের প্রার্থী ঘোষণা করতে পারে।