neexra

গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির আপত্তি কেন: জামায়াত আমির

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08 মার্চ 2026, 09:45 অপরাহ্ন পঠিত: 61 বার
গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির আপত্তি কেন: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির আপত্তি কেন: জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক | আজকের পয়গাম
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির আপত্তি কেন? শুরুতেই জাতির সঙ্গে দেওয়া অঙ্গীকার যদি বিএনপি ভঙ্গ করে, তাহলে আগামী পাঁচ বছর সেই অঙ্গীকার রক্ষা করবে কীভাবে—এ প্রশ্নও তোলেন তিনি।
রোববার (৮ মার্চ) রাজধানীর কাকরাইলস্থ হোটেল রাজমনি ঈশা খাঁয় জাতীয় নেতা, আলেম, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিদের সম্মানে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, এখনো সময় আছে বিএনপি নিজেদের সংশোধন করে জনরায়কে মেনে নিক। কারণ ৬৯ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে ভোট দিয়েছেন। এই বিপুল জনগোষ্ঠীর মতামত উপেক্ষা করা মানে পুরো জুলাই আন্দোলনকে অগ্রাহ্য করা।
তিনি বলেন, “জুলাই থাকলে সব আছে, না থাকলে কিছুই নেই। জুলাই না থাকলে এ ধরনের ইফতার মাহফিল, সংসদ নির্বাচন কিংবা রাজনৈতিক কর্মকাণ্ডও সম্ভব হতো না।”
জামায়াত আমির আরও বলেন, অনেক কষ্ট বুকে চেপে রেখে তারা আপাতত নির্বাচনের ফল মেনে নিয়েছেন। অতীতের ধারাবাহিকতায় সঙ্গে সঙ্গে নির্বাচন প্রত্যাখ্যান করা সম্ভব ছিল, কিন্তু দেশের পরিস্থিতি বিবেচনায় তারা তা করেননি। তবে এর অর্থ এই নয় যে সব অন্যায় মেনে নেওয়া হবে। অন্যায় হলে তার বিরুদ্ধে আইনগতভাবে, রাজপথে এবং সংসদে প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
তিনি অভিযোগ করেন, জনগণ যাদের সংসদে পাঠাতে চেয়েছিল, তাদের অনেকের ভোটের ফলাফল ‘হাইজ্যাক’ করা হয়েছে এবং বহু মানুষের ভোটাধিকার ক্ষুণ্ন হয়েছে।
ডা. শফিকুর রহমান আন্তর্জাতিক প্রসঙ্গ টেনে বলেন, ইরানের সার্বভৌমত্বের ওপর আগ্রাসন আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের হামলা শুধু একটি দেশের বিরুদ্ধে নয়, বরং বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। তিনি জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান।
ইফতার মাহফিলে বক্তারা বলেন, রক্তস্নাত জুলাই বিপ্লবের পর দেশের মানুষ নতুন সরকারের কাছে সহিংসতা নয়, বরং সুশাসন প্রতিষ্ঠা ও জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা করছে।
তারা আরও অভিযোগ করেন, জাতীয় নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ আয়োজনের আড়ালে কিছু ক্ষেত্রে ‘ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে জনগণের সঙ্গে তামাশা করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি ঘোষিত ফলাফল জনগণের প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারেনি বলেও দাবি করেন তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেজামে ইসলাম পার্টির আমির আল্লামা সারোয়ার কামাল আজিজী এবং সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব ডা. মাওলানা মুহাম্মদ ইলিয়াস খান। স্বাগত বক্তব্য দেন দলের মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মামুনুল হক। এছাড়া উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, এনসিপির সদস্য সচিব মো. আখতার হোসেন এমপি, ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. মাওলানা ঈসা শাহেদী, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরানসহ বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

#বাংলাদেশ #সংবাদ #politics
neexra