neexra

রাজশাহীতে শ্রমিক ইউনিয়ন কার্যালয় দখল ঘিরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23 এপ্রি. 2026, 09:05 অপরাহ্ন পঠিত: 55 বার
রাজশাহীতে শ্রমিক ইউনিয়ন কার্যালয় দখল ঘিরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

শ্রমিক দল ও প্রতিপক্ষ শ্রমিকদের মুখোমুখি সংঘর্ষে রণক্ষেত্র, ভাঙচুরে আতঙ্ক
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহীতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয় দখলকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও আগ্নেয়াস্ত্রের মহড়ার ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখির নেতৃত্বে তার সমর্থকরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে প্রতিপক্ষকে ছত্রভঙ্গ করে কার্যালয়ের নিয়ন্ত্রণ নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে ৫ থেকে ৬টি ককটেলের বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে। আতঙ্কে স্থানীয় লোকজন ছুটোছুটি শুরু করেন। এ সময় দুই পক্ষের হাতেই রড, পাইপসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা যায়।
জানা গেছে, সরকারের পরিবর্তনের পর রফিকুল ইসলাম পাখি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। দায়িত্ব গ্রহণের পর থেকেই সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করে। এরই ধারাবাহিকতায় বুধবার একটি ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন শ্রমিক লাঞ্ছিত হওয়ার অভিযোগ ওঠে।
এর প্রতিবাদে ক্ষুব্ধ শ্রমিকরা পাখিকে অবরুদ্ধ করে ইউনিয়ন কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন এবং নতুন নির্বাচনের দাবি তোলেন। পরদিন বৃহস্পতিবার দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে রূপ নেয়।
দুপুর থেকেই শিরোইল এলাকায় পাখির বিরোধী শ্রমিকরা অবস্থান নেন। অপরদিকে, তার সমর্থকরা রেলগেট এলাকায় জড়ো হন। পরে বিকেলে মিছিল নিয়ে শিরোইলের দিকে অগ্রসর হলে শুরু হয় সংঘর্ষ।
সংঘর্ষ চলাকালে আশপাশের এলাকায় ব্যাপক ভাঙচুর চালানো হয়। দোকানপাট, ভবনের কাঁচ ও একাধিক মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
স্থানীয়দের অভিযোগ, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকলেও তারা কার্যকর কোনো ভূমিকা রাখেনি। অনেকটা নীরব দর্শকের মতো পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে পুলিশ।
তাণ্ডব শেষে হামলাকারীরা রেলগেট এলাকার দিকে সরে যায়। তবে সংঘর্ষের পর থেকে শিরোইল বাস টার্মিনাল ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা নতুন করে সংঘর্ষের আশঙ্কা করছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সতর্ক অবস্থানে রয়েছে।

#বাংলাদেশ #সংবাদ #politics
neexra