নতুন দায়িত্ব পেয়েই যে বার্তা দিলেন সারজিস আলম
নতুন দায়িত্ব পেয়েই যে বার্তা দিলেন সারজিস আলম
নিজস্ব প্রতিবেদক | আজকের পয়গাম
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নবগঠিত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। দায়িত্ব গ্রহণের পর দ্রুত সাংগঠনিক কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছেন তিনি।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন-এর নির্দেশনায় ‘স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। সদস্য হিসেবে রয়েছেন আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দীন মোহাম্মদ, তাহসীন রিয়াজ এবং অ্যাডভোকেট মনজিলা ঝুমা।
কমিটিতে সব বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এক্স-অফিসিও সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা সার্বিক সহায়তা করবেন বলেও জানানো হয়েছে।
দায়িত্ব নেওয়ার পর ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে সারজিস আলম বলেন, সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড পর্যায় পর্যন্ত যারা প্রার্থী হতে আগ্রহী, তারা প্রস্তুতি নিন—
“আমরা আসছি আপনার খোঁজে…”