neexra

ভোট চুরি হতে পারে, ফলাফল না নিয়ে ফিরবেন না : ডা. শফিকুর রহমান

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11 ফেব. 2026, 10:25 পূর্বাহ্ন পঠিত: 52 বার
ভোট চুরি হতে পারে, ফলাফল না নিয়ে ফিরবেন না : ডা. শফিকুর রহমান
ছবি: সংগৃহীত

ভোট চুরি হতে পারে, ফলাফল না নিয়ে ফিরবেন না : ডা. শফিকুর রহমান
আজকের পয়গাম ডেস্ক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনে ভোট দেওয়ার পরও ভোট চুরি হতে পারে উল্লেখ করে ভোটের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোটারদের কেন্দ্র না ছাড়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বৈঠক শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
গণভোট প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘হ্যাঁ’ বিপুল ভোটে বিজয়ী হবে—এমন প্রত্যাশা রয়েছে। তার ভাষায়, ‘হ্যাঁ’ বিজয়ী হলে বাংলাদেশ বিজয়ী হবে এবং জুলাই বাস্তবায়িত হবে। একই সঙ্গে আবরারসহ বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা সম্ভব হবে। তিনি জানান, ১১ দলীয় জোট শুরু থেকেই সংস্কার ও পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়ে এসেছে।
তিনি আরও বলেন, সমাজের সর্বস্তরে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা গেলে দেশ বর্তমান অবস্থা থেকে অনেক দূর এগিয়ে যেতে পারবে। তরুণদের প্রসঙ্গে তিনি বলেন, তরুণরা দয়া নয়, কাজ চায়; তারা দেশের উন্নয়নে অংশীদার হতে চায়। সে লক্ষ্যেই তরুণদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
২০০৮ সালের পর দেশে গণরায়ের সঠিক প্রতিফলন হয়নি দাবি করে ডা. শফিকুর রহমান বলেন, এবারের নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। গ্রামের ভোটাররা আগ্রহ নিয়ে নিজ নিজ এলাকায় ফিরছেন বলেও তিনি উল্লেখ করেন। তার আশা, গণরায়ের সঠিক প্রতিফলন ঘটলে বাংলাদেশ নতুন রাজনৈতিক ধারায় অগ্রসর হবে।
নির্বাচন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টদের উদ্দেশে তিনি বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে ন্যায়নিষ্ঠ ও দায়িত্বশীলভাবে কাজ করা সবার কর্তব্য। এতে জনগণের আস্থা ও সম্মান অর্জিত হবে।

#বাংলাদেশ #সংবাদ #politics
neexra