neexra

বগুড়া-৬ উপনির্বাচনে কেন্দ্র দখলের অভিযোগ, ভোটার উপস্থিতি কম

Md Ahad Hossain Rakib, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09 এপ্রি. 2026, 02:57 অপরাহ্ন পঠিত: 33 বার
বগুড়া-৬ উপনির্বাচনে কেন্দ্র দখলের অভিযোগ, ভোটার উপস্থিতি কম
ছবি: সংগৃহীত

বগুড়া-৬ উপনির্বাচনে কেন্দ্র দখলের অভিযোগ, ভোটার উপস্থিতি কম
স্টাফ রিপোর্টার, বগুড়া | ০৯ এপ্রিল ২০২৬
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালে বিভিন্ন অনিয়ম ও কেন্দ্র দখলের অভিযোগ উঠেছে। জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বিএনপির বিরুদ্ধে কেন্দ্র দখলের অভিযোগ করেছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণে শুরু থেকেই ভোটার উপস্থিতি ছিল তুলনামূলক কম। বেলা বাড়লেও উপস্থিতি তেমন বাড়েনি। বগুড়ার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, দুপুর ১২টা পর্যন্ত অধিকাংশ কেন্দ্রে ভোটার উপস্থিতি ৭ থেকে ৮ শতাংশের মধ্যে সীমাবদ্ধ ছিল।
বগুড়া করনেশন স্কুল ও কলেজ কেন্দ্রে সকাল সাড়ে ৯টা পর্যন্ত দুই ঘণ্টায় মাত্র ১০৭টি ভোট পড়েছে, যেখানে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৬০ জন। কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মেহেদী হাসান জানান, আগের নির্বাচনের তুলনায় এবার ভোটার উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়বে বলে তিনি আশা করছেন।
এদিকে বেলা সাড়ে ১১টার দিকে মালতিনগর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সাংবাদিকদের কাছে অভিযোগ করে জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল বলেন, ভোটগ্রহণ শেষ হওয়ার পর যেসব কাগজে স্বাক্ষর নেওয়ার নিয়ম, তা সকালেই আগাম স্বাক্ষর নেওয়ার চেষ্টা করা হয়েছে। এছাড়া রাজাপুর কেন্দ্রে তাদের এজেন্টদের বের করে দিয়ে বিএনপি কেন্দ্র দখল করেছে বলেও অভিযোগ করেন তিনি। এসব ঘটনার সঙ্গে রিটার্নিং কর্মকর্তার সম্পৃক্ততা রয়েছে বলেও দাবি করেন তিনি।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ২৩৪ জন, পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৭৯৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১০ জন। মোট ১৫০টি কেন্দ্রে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী— বিএনপির রেজাউল করিম বাদশা (ধানের শীষ), জামায়াতের আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন (ফুলকপি)।
আইনশৃঙ্খলা রক্ষায় ১৫০টি কেন্দ্রের মধ্যে ৫৩টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। মোতায়েন রয়েছে ৮ প্লাটুন বিজিবি, পাশাপাশি সেনাবাহিনী ও র‌্যাবের টহল অব্যাহত রয়েছে। এছাড়া স্ট্রাইকিং ফোর্স, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিচারিক কর্মকর্তারাও দায়িত্ব পালন করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফজলুল হক জানান, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

#বাংলাদেশ #সংবাদ #politics
neexra