neexra

সাম্য ও ন্যায়বিচারের বাংলাদেশ গড়তে চাই : ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10 ফেব. 2026, 12:59 অপরাহ্ন পঠিত: 65 বার
সাম্য ও ন্যায়বিচারের বাংলাদেশ গড়তে চাই : ফয়জুল করীম
ছবি: সংগৃহীত

সাম্য ও ন্যায়বিচারের বাংলাদেশ গড়তে চাই : ফয়জুল করীম

বরিশাল-৫ (আসন)

সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী আমিরে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

রোববার বিকেলে বরিশাল নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফয়জুল করীম বলেন, স্বাধীনতার মূল ভিত্তি ছিল সাম্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা। কিন্তু দীর্ঘ সময় ধরে সেই আদর্শ থেকে দেশকে দূরে সরিয়ে নেওয়া হয়েছে। আজ কৃষক-শ্রমিকসহ সাধারণ মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। বিচার ব্যবস্থায়ও সাধারণ মানুষের আস্থা নেই।

তিনি বলেন, “আমি এমন একটি বাংলাদেশ চাই, যেখানে অপরাধী অপরাধের শাস্তি পাবে, আর নিরপরাধ মানুষ সম্মানের সঙ্গে বাঁচবে। যে ব্যক্তি দোষী নয়, তাকে যেন আর হয়রানির শিকার হতে না হয়।”

পূর্ববর্তী সরকারগুলোর সমালোচনা করে তিনি বলেন, বারবার ক্ষমতার পরিবর্তন হলেও জনগণের প্রকৃত সমস্যার সমাধান হয়নি। দুর্নীতি, মিথ্যা মামলা ও অবিচার সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে।

ফয়জুল করীম আরও বলেন, “আমি নির্বাচিত হলে একটি মিথ্যা মামলাও থাকতে দেব না। কৃষক, শ্রমিক, দিনমজুর, হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিস্টান—সব ধর্ম ও শ্রেণির মানুষের জন্য সমান ন্যায়বিচার নিশ্চিত করাই হবে আমার অঙ্গীকার।”

তিনি জনগণের উদ্দেশে বলেন, “আপনারা আমাকে একবার পরীক্ষা করুন। যদি আমি ব্যর্থ হই, তাহলে আর আপনাদের সামনে দাঁড়াব না।”

জনসভায় হিন্দু সম্প্রদায়ের সদস্য উজ্জ্বল দাস হিন্দুদের হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দেন।

জনসভা শেষে একটি শান্তিপূর্ণ মিছিল বের করা হয়।

#বাংলাদেশ #সংবাদ #politics
neexra