neexra

রমযানের শেষ দশকে হরিণাফুলিয়ায় ই‘তিকাফের বিশেষ আয়োজন

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10 মার্চ 2026, 05:07 পূর্বাহ্ন পঠিত: 134 বার
রমযানের শেষ দশকে হরিণাফুলিয়ায় ই‘তিকাফের বিশেষ আয়োজন
ছবি: সংগৃহীত

রমযানের শেষ দশকে হরিণাফুলিয়ায় ই‘তিকাফের বিশেষ আয়োজন
স্টাফ রিপোর্টার | আজকের পয়গাম
বরিশালের জামিয়া এমদাদিয়া হরিণাফুলিয়া মাদ্রাসার জামে মসজিদে পবিত্র রমযান মাসের শেষ দশ দিনব্যাপী ই‘তিকাফের বিশেষ আয়োজন করা হয়েছে। হযরত পীর সাহেব হরিণাফুলিয়া (দামাত বারাকাতুহুম)-এর সান্নিধ্যে অনুষ্ঠিত এই ই‘তিকাফে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের সমাগম ঘটবে বলে জানা গেছে।
মাদ্রাসা সূত্রে জানা যায়, রমযান মাসের শেষ দশ দিন অত্যন্ত ফযিলতপূর্ণ ও মর্যাদাপূর্ণ সময়। এ সময়েই রয়েছে মহিমান্বিত লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়েও উত্তম। মহানবী হযরত মুহাম্মদ (সা.) রমযানের শেষ দশ দিন নিয়মিত ই‘তিকাফ পালন করতেন এবং সাহাবায়ে কেরামও অত্যন্ত গুরুত্বের সঙ্গে এ সুন্নতকে অনুসরণ করতেন।
এ ধারাবাহিকতায় ২০ রমযান, বাদ আসর থেকে জামিয়া এমদাদিয়া হরিণাফুলিয়া মাদ্রাসার জামে মসজিদে ১০ দিনব্যাপী ই‘তিকাফ শুরু হবে। প্রতি বছরের মতো এবারও দেশের বিভিন্ন অঞ্চলের আলেম-উলামা, তালিবুল ইলম ও দ্বীনদার মুসল্লিরা হযরত পীর সাহেব হরিণাফুলিয়া (দা.বা.)-এর সান্নিধ্যে ইবাদত-বন্দেগি ও তাঁর দিকনির্দেশনা গ্রহণের উদ্দেশ্যে এখানে সমবেত হবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, হযরতের সোহবত ও নসীহতের মাধ্যমে বহু মানুষ দ্বীনের পথে অনুপ্রাণিত হয়ে থাকে। তাই ধর্মপ্রাণ মুসল্লিদের এ মহামূল্যবান সুযোগ কাজে লাগিয়ে ই‘তিকাফে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।
রমযানের শেষ দশকের বরকতময় সময়কে কাজে লাগিয়ে অধিক পরিমাণে নামাজ, কুরআন তিলাওয়াত, জিকির-আযকার, দোয়া ও তওবা-ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলার রহমত, মাগফিরাত ও নাজাত লাভের জন্য সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান আয়োজকরা।
এদিকে, ই‘তিকাফে অংশগ্রহণকারীদের জন্য থাকা, খাওয়া ও প্রয়োজনীয় ব্যবস্থাপনা মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে করা হবে। তবে প্রত্যেককে নিজ নিজ বিছানা-পত্র সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে।
স্থান:
জামে মসজিদ, জামিয়া এমদাদিয়া হরিণাফুলিয়া মাদ্রাসা, বরিশাল।
যোগাযোগ:
০১৭১৮২৩৭৬৪৩
০১৭৫৩৩১৬৩৬৭
০১৯১৬১৯৫৯৯০

#বাংলাদেশ #সংবাদ #Islam
neexra