রমজানের পরিপূর্ণতার সোপান: শাওয়ালের ছয় রোজার ফজিলত, গুরুত্ব ও বিধান
রমজানের পরিপূর্ণতার সোপান: শাওয়ালের ছয় রোজার ফজিলত, গুরুত্ব ও বিধান
আজকের পয়গাম ডেস্ক
রমজান মাস মুসলিম জীবনের আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও আল্লাহর নৈকট্য লাভের এক সুবর্ণ সুযোগ। তবে একজন মুমিনের জীবন কেবল একটি মাসে সীমাবদ্ধ নয়; বরং পুরো বছরজুড়ে ইবাদতের ধারাবাহিকতা বজায় রাখাই প্রকৃত সাফল্য। এই ধারাবাহিকতা রক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হলো শাওয়াল মাসের ছয়টি নফল রোজা, যা রাসূলুল্লাহ (সা.) বিশেষভাবে উৎসাহিত করেছেন।
হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন— “যে ব্যক্তি রমজানের রোজা রাখল, অতঃপর শাওয়াল মাসে ছয়টি রোজা রাখল, সে যেন পুরো বছরই রোজা রাখল।” (সহিহ মুসলিম)
এই হাদিস থেকে বোঝা যায়, শাওয়ালের ছয় রোজা পালন করলে আল্লাহ তাআলা বান্দাকে এক বছরের নফল সিয়ামের সমপরিমাণ সাওয়াব দান করেন।
ইসলামে প্রতিটি নেক আমলের প্রতিদান কমপক্ষে দশগুণ। সেই হিসেবে রমজানের ৩০ রোজার সাওয়াব ৩০০ দিনের সমান এবং শাওয়ালের ৬ রোজার সাওয়াব ৬০ দিনের সমান। এভাবে মোট ৩৬০ দিন পূর্ণ বছরের সাওয়াব অর্জনের সুযোগ তৈরি হয়।
শাওয়ালের ছয় রোজার মাধ্যমে রমজানের ঘাটতি পূরণ হয়, ইবাদতের ধারাবাহিকতা বজায় থাকে এবং বান্দা আল্লাহর আরও নিকটবর্তী হয়। পাশাপাশি রোজা মানুষের আত্মসংযম বজায় রাখতে সাহায্য করে এবং চরিত্রকে পরিশুদ্ধ করে।
ইসলামি বিধান অনুযায়ী, শাওয়ালের ছয় রোজা গুরুত্বপূর্ণ নফল ইবাদত। এটি পালন করলে বড় সাওয়াব পাওয়া যায়, তবে না রাখলে গুনাহ নেই। ঈদুল ফিতরের পরদিন অর্থাৎ ২ শাওয়াল থেকে এই রোজা রাখা যায়। একটানা রাখা বাধ্যতামূলক নয়; চাইলে ধারাবাহিকভাবে বা আলাদা আলাদা দিনেও রাখা যাবে।
যাদের রমজানের কাজা রোজা বাকি আছে, তাদের জন্য আগে কাজা আদায় করা উত্তম। এরপর শাওয়ালের রোজা রাখা ভালো। তবে আলেমদের মধ্যে এ বিষয়ে মতভেদ রয়েছে। নিয়ত অন্তরে করলেই যথেষ্ট, মুখে বলা জরুরি নয়। কাজা ও শাওয়ালের রোজা একসাথে রাখার বিষয়েও মতভেদ থাকায় আলাদা আলাদা রাখা অধিক সতর্কতার।
আলেমরা বলেন, শাওয়ালের রোজা রাখার পাশাপাশি বেশি বেশি নফল নামাজ, কুরআন তিলাওয়াত, যিকির ও দোয়ায় মনোযোগী হওয়া উচিত। ইবাদতে আন্তরিকতা বজায় রাখা, রিয়াকারি থেকে দূরে থাকা এবং আল্লাহর সন্তুষ্টিকে প্রধান লক্ষ্য করা জরুরি।
শাওয়ালের ছয় রোজা হলো রমজানের শিক্ষা ও প্রশিক্ষণকে বাস্তব জীবনে ধরে রাখার এক গুরুত্বপূর্ণ আমল। এটি একদিকে আমলের ঘাটতি পূরণ করে, অন্যদিকে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ককে সুদৃঢ় করে। তাই এই গুরুত্বপূর্ণ নফল ইবাদত যথাযথ গুরুত্বের সঙ্গে পালন করার আহ্বান জানিয়েছেন আলেমরা।
সংকলন
মুফতি ছাইদ আহমদ
সিনিয়র মুহাদ্দিস ও শিক্ষা সচিব
জামিয়া এমদাদিয়া মাদ্রাসা, হরিনাফুলিয়া, বরিশাল