neexra

রমজানে রোযা অবস্থায় রক্তদান ও গ্রহণের বিধান: দলীলভিত্তিক সংক্ষিপ্ত আলোচনা

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07 মার্চ 2026, 05:05 পূর্বাহ্ন পঠিত: 117 বার
রমজানে রোযা অবস্থায় রক্তদান ও গ্রহণের বিধান: দলীলভিত্তিক সংক্ষিপ্ত আলোচনা
ছবি: সংগৃহীত

রমজানে রোযা অবস্থায় রক্তদান ও গ্রহণের বিধান: দলীলভিত্তিক সংক্ষিপ্ত আলোচনা
নিজস্ব প্রতিবেদক | আজকের পয়গাম
রমজান মাস ইবাদত-বন্দেগীর মাস। এ মাসে মুসলমানরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য সিয়াম পালন করেন। তবে আধুনিক চিকিৎসা ব্যবস্থায় অনেক সময় রোগীর জীবন রক্ষার্থে রক্তদান ও রক্ত গ্রহণ অপরিহার্য হয়ে পড়ে। বিশেষ করে রমজান মাসে এ ধরনের প্রয়োজন দেখা দিলে অনেকের মনে প্রশ্ন জাগে—রোযা অবস্থায় রক্ত দিলে বা গ্রহণ করলে রোযা ভঙ্গ হবে কি না।
এ বিষয়ে দলীলভিত্তিক সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপন করেছেন বরিশাল সদর উপজেলার হরিনাফুলিয়া অবস্থিত জামিয়া এমদাদিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ও শিক্ষা সচিব মুফতি ছাইদ আহমদ।
তিনি বলেন, ফিকহ ও হাদিসের আলোকে জানা যায় যে রোযা অবস্থায় শরীর থেকে রক্ত বের হলে রোযা নষ্ট হয় না। এ বিষয়ে হাদিসে বর্ণিত আছে—
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: احْتَجَمَ النَّبِيُّ ﷺ وَهُوَ صَائِمٌ
(সহীহ বুখারী)
অর্থ: হযরত ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোযা অবস্থায় শিঙ্গা (হিজামা) লাগিয়েছেন।
এই হাদিস থেকে ফকীহগণ প্রমাণ করেছেন যে শরীর থেকে রক্ত বের হলেও রোযা ভঙ্গ হয় না। ফলে চিকিৎসার প্রয়োজনে রোযা অবস্থায় রক্তদান করলে রোযা নষ্ট হবে না।
তবে তিনি উল্লেখ করেন, যদি রোযা অবস্থায় রক্ত দেওয়ার ফলে অতিরিক্ত দুর্বল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে এবং রোযা ভেঙে ফেলতে হতে পারে, তাহলে প্রয়োজন ছাড়া তা করা মাকরুহ। এ প্রসঙ্গে ইমাম বুরহানুদ্দীন (রহ.) বলেন—
إِنْ أَرَادَ الْحِجَامَةَ فِي الصَّوْمِ فَلَا بَأْسَ بِهَا إِذَا لَمْ يَخَفِ الضَّعْفَ، فَإِنْ خَافَ الضَّعْفَ كُرِهَ لَهُ
(আল মুহিতুল বুরহানী ২/৫৬৩)
অর্থ: রোযা অবস্থায় শিঙ্গা লাগালে যদি দুর্বল হওয়ার আশঙ্কা না থাকে তবে কোনো সমস্যা নেই; কিন্তু দুর্বল হওয়ার আশঙ্কা থাকলে তা মাকরুহ।
ফিকহবিদগণ এ বিষয়ে একটি মূলনীতিও উল্লেখ করেছেন—রোযা ভঙ্গ হয় শরীরের ভেতরে কিছু প্রবেশ করলে; শরীর থেকে কিছু বের হলে নয়। এ প্রসঙ্গে ইমাম বদরুদ্দীন আইনী (রহ.) বলেন—
قَالَ ابْنُ عَبَّاسٍ وَعِكْرِمَةُ: الْفِطْرُ مِمَّا دَخَلَ وَلَيْسَ مِمَّا خَرَجَ
(উমদাতুল ক্বারী ৮/১২৩)
অর্থ: ইবনে আব্বাস ও ইকরিমা (রা.) বলেছেন—রোযা ভঙ্গ হয় যা শরীরের ভেতরে প্রবেশ করে তার কারণে; বের হওয়ার কারণে নয়।
অন্যদিকে রোগীর শরীরে রক্ত প্রবেশ করানোর বিষয়টিকে অনেক আলেম ইনজেকশনের সঙ্গে তুলনা করেছেন। কারণ এটি মুখ বা নাক দিয়ে শরীরে প্রবেশ করে না এবং সরাসরি পাকস্থলীতেও পৌঁছে না; বরং শিরার মাধ্যমে শরীরে প্রবেশ করে। তাই অধিকাংশ ফকীহের মতে রক্ত গ্রহণ করলেও রোযা ভঙ্গ হয় না।
আলোচনার উপসংহারে মুফতি ছাইদ আহমদ বলেন, রোযা অবস্থায় রক্ত দিলে রোযা নষ্ট হয় না; তবে দুর্বল হওয়ার আশঙ্কা থাকলে প্রয়োজন ছাড়া তা করা মাকরুহ। একইভাবে রক্ত গ্রহণ করলেও রোযা ভঙ্গ হয় না। তাই রোগীর জীবন রক্ষার মতো মানবিক কাজে অংশ নেওয়ার ক্ষেত্রে রোযা কোনো বাধা নয়; বরং শরীয়তের বিধান অনুযায়ী সতর্কতা অবলম্বন করে রক্তদান ও গ্রহণ উভয়ই করা যেতে পারে।
আল্লাহ তাআলা সবাইকে সঠিক জ্ঞান ও আমল করার তাওফিক দান করুন। আমিন।

#বাংলাদেশ #সংবাদ #Islam
neexra