ফাইনালে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ কে? আজ মেগা সেমিতে লড়বে ভারত ও ইংল্যান্ড
মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ক্রিকেট বিশ্বের দুই পরাশক্তি—ভারত ও ইংল্যান্ড। বর্তমান চ্যাম্পিয়ন এবং আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারতের সামনে আজ সুযোগ টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠার। অন্যদিকে, র্যাঙ্কিংয়ের দুই নম্বর দল ইংল্যান্ডও মরিয়া ফাইনালে নিউজিল্যান্ডের সঙ্গী হতে। মেগা এই লড়াইয়ের আগে চলুন একনজরে দেখে নিই দুই দলের সাম্প্রতিক ফর্ম ও শক্তি-দুর্বলতা।
ছন্দে ফিরেছে টিম ইন্ডিয়া টুর্নামেন্ট শুরুর আগে থেকেই ফেভারিটের তকমা গায়ে লাগানো ভারত গ্রুপ পর্বে খুব একটা স্বস্তিতে ছিল না। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাত্র ৭৭ রানে ৬ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়েছিল তারা। তবে অধিনায়ক সূর্যকুমার যাদবের অসাধারণ ৮৪ রানের ইনিংসে ভর করে সেই যাত্রায় রক্ষা পায় বর্তমান চ্যাম্পিয়নরা। এরপর সুপার এইটে এসে নিজেদের আসল রূপ দেখিয়েছে তারা। জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো উড়িয়ে দিয়ে দাপটের সাথেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত।
ভয়ংকর রূপে দুবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড হ্যারি ব্রুকের নেতৃত্বে থাকা ইংলিশদের বিশ্বকাপ মিশন শুরু হয়েছিল কিছুটা নড়বড়েভাবে। গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজের কাছে হার এবং নেপালের বিপক্ষে একেবারে শেষ বলে পাওয়া কষ্টার্জিত জয়ের পর অনেকেই তাদের নিয়ে সন্দিহান ছিলেন। তবে সুপার এইটে পা রেখেই স্বরূপে ফেরে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শ্রীলঙ্কা, পাকিস্তান ও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলগুলোকে বিধ্বস্ত করে নিজেদের শক্তিমত্তার জোরালো জানান দিয়েছে তারা।
আজকের ম্যাচে তাই কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলবে না, তা নিশ্চিতভাবেই বলা যায়। এখন দেখার বিষয়, ওয়াংখেড়ের মহারণ জিতে শিরোপার মঞ্চে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় কারা!